নড়াইলের কালিয়া
জলকপাট অকেজো, বড় দুই বিলে চাষাবাদ ব্যাহত
বর্ষায় বা জোয়ার-ভাটায় বিল ও নদীর পানি চলাচল করে এসব খাল দিয়ে। খালগুলোতে রয়েছে চারটি জলকপাট।
নড়াইলের কালিয়া উপজেলার বড় দুটি বিল চাচুড়ী ও পাটেশ্বরী। চারটি খালের মাধ্যমে চিত্রা নদীর সঙ্গে এ বিলের সংযোগ। বর্ষায় বা জোয়ার-ভাটায় বিল ও নদীর পানি চলাচল করে এসব খাল দিয়ে। খালগুলোতে রয়েছে চারটি জলকপাট। সেগুলো দীর্ঘদিন ধরে অকেজো। তাই কখনো জলাবদ্ধতা, কখনো সেচের পানির অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে ওই দুই বিলে।
ওই দুই বিলে প্রায় পাঁচ হাজার একর জমি রয়েছে। বিল দুটিকে জেলার শস্যভান্ডার বলে উল্লেখ করেন স্থানীয় পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, বর্ষায় বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার শুকনা মৌসুমে সেচের জন্য পানি দরকার। চিত্রা নদীর সঙ্গে সংযোগ খালগুলোর মাধ্যমে বিলে পানি চলাচল করে। চারটি জলকপাট অকেজো থাকায় পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আবার খালগুলো পলি জমায় নাব্যতা হারিয়েছে। ফলে জোয়ারের পানি ফসলের জমিতে ঢুকে পড়ছে। দ্রুতই জলকপাটগুলো মেরামতের পাশাপাশি খালগুলোর সংস্কার প্রয়োজন।
জহুরুল হক আরও বলেন, খালে বেড়া দিয়ে মাছ শিকার করেন স্থানীয় লোকজন। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। কয়েক দিন আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই এলাকা পরিদর্শন করেছেন। সবাইকে নিয়ে বৈঠক হয়েছে, বৈঠকে সমস্যাগুলো দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটেশ্বরীতে একটি, টাকিমারায় দুটি ও যাদবপুরে একটি জলকপাট রয়েছে। এসব জলকপাটের অধিকাংশের দরজা ভাঙাচোরা ও রেগুলেটর নেই। প্রয়োজনের সময় গেট খোলা বা বন্ধ করা যায় না। যাদবপুর থেকে নোয়াগ্রাম সড়কে এসব জলকপাট পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ্বাস বলেন, ওই বিলে ফসলের আগাম চাষ হয়। এ শীতের মৌসুমে দুবার ভারী বৃষ্টি হয়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলকপাট সচল থাকলে পানি সরে যেত। জলকপাটগুলো অরক্ষিত। তাই সেচের পানি যখন দরকার, তখন পানি আটকে রাখা যায় না। আবার বিলের
পানি সরানোর দরকার হলে অকেজো জলকপাটের কারণে তা সরে না। জলকপাটের সংস্কার করলে ও পানির ব্যবস্থাপনা সঠিক হলে চাষাবাদ সহজ হবে।
পাউবো নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, জলকপাট মেরামত করে পাউবোর কারিগরি বিভাগ। খুলনায় সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। পাটেশ্বরীর জলকপাটটি ভিন্ন প্রকল্পের মাধ্যমে দ্রুত সংস্কার করা হবে।