সুনামগঞ্জের করোনা পরিস্থিতি
জলঘেরা শাল্লায় কম সংক্রমণ, মৃত্যু নেই
যোগাযোগব্যবস্থা নিয়ে শাল্লাবাসীর ভোগান্তি দীর্ঘদিনের, কিন্তু এখন তা শাপে বর হয়ে দাঁড়িয়েছে।
জেলায় সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন শাল্লায়, ৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন।
বর্তমানে আইসোলেশনে আছেন তিনজন। তাঁরা বাড়িতে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
চারদিকে হাওরের থইথই পানি। গ্রামগুলো যেন ছোট ছোট দ্বীপের মতো ভাসছে। বর্ষায় নৌকা ছাড়া যাতায়াতের অন্য কোনো মাধ্যম নেই। দুর্গম হাওর হওয়ায় বাইরের লোকজনের যাতায়াত কম। জলঘেরা ‘বিচ্ছিন্ন’ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় করোনার সংক্রমণ কম। উপজেলায় এখনো করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যোগাযোগব্যবস্থা নিয়ে শাল্লাবাসীর ভোগান্তি দীর্ঘদিনের, কিন্তু এখন তা শাপে বর হয়ে দাঁড়িয়েছে। বিচ্ছিন্ন থাকার কারণে প্রকৃতি তাদের করোনার ছোবল থেকে অনেকটা আগলে রেখেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, পানির কারণে এ এলাকায় মানুষের চলাফেরা কম। সংক্রমণ কম হওয়ার পেছনে এটা একটা কারণ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জের ১১টি উপজেলায় গতকাল শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৮২ জন। মারা গেছেন ৬০ জন। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু সদর উপজেলায়। জেলায় সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন শাল্লায়, ৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন তিনজন। তাঁরা বাড়িতে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। সুনামগঞ্জের একমাত্র শাল্লা উপজেলাতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়নে প্রায় দুই লাখ মানুষের বাস। শুকনা মৌসুমে মানুষ হেঁটে চলাচল করে। আর বর্ষায় ভরসা নৌকা। উপজেলার সঙ্গে জেলা সদরের এখনো সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়নি। শাল্লার বাসিন্দাদের জেলা সদরে যাতায়াত করতে হলে প্রথমে নৌকায় করে হাওরের ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিরাই উপজেলায় আসতে হয়। পরে সেখান থেকে গাড়ি কিংবা অন্য কোনো বাহনে আরও দেড় ঘণ্টা লাগে জেলা শহরে পৌঁছাতে।
উপজেলার সুখলাইন গ্রামের বাসিন্দা শিক্ষক সুব্রত কুমার দাশ বলেন, এই উপজেলার বেশির ভাগ মানুষের পেশা কৃষি। বর্ষায় তারা হাওরে মাছ ধরে। যাদের নৌকা নেই, তারা এখন অনেকটা ঘরবন্দী। এ কারণে সংক্রমণ কম হতে পারে।
জেলা পরিষদের সদস্য ও শাল্লার বাসিন্দা আবু আবদুল্লাহ চৌধুরী বলেন, জেলা সদরের সঙ্গে শাল্লার সরাসরি সড়ক যোগাযোগ নেই। কেউ একেবারে জরুরি প্রয়োজন না হলে সেখানে যান না। আবার এখন বর্ষার কারণে স্থানীয় মানুষের চলাফেরা ও ঘোরাঘুরি কম। এসব কারণেই হয়তো উপজেলার মানুষ ভালো আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন ভূঁইয়া জানান, গত মাসের মাঝামাঝি সংক্রমণ কিছুটা বেড়েছিল, এখন আবার কমছে। একই সঙ্গে মানুষের মধ্যে আগের চেয়ে সচেতনতা বেড়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, যেখানে মানুষের জমায়েত, যাতায়াত বেশি,সেখানে সংক্রমিত হওয়ার আশঙ্কাও বেশি থাকে। শাল্লার গ্রামগুলোর দূরত্ব অনেক। বাইরে থেকেও লোকজনের যাতায়াত কম। এত দিন বিধিনিষেধের জন্য লোকজনের জমায়েত বন্ধ ছিল। সব মিলিয়ে শাল্লা উপজেলার করোনা পরিস্থিতি জেলার অন্য উপজেলা থেকে ভালো।