জলঢাকার মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল কমেটের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই পৌরসভার ছয়জন কাউন্সিলর। তাঁরা নীলফামারী প্রেসক্লাবে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে কাউন্সিলররা বলেন, গত ১২ জুলাই মেয়র প্রহসনের পরীক্ষা নিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পৌরসভায় সাতজন কর্মচারী নিয়োগ দেন, যাঁদের ছয়জনের বাড়ি তাঁর গ্রামের বাড়ি বগুলাগাড়ি ও একজনের বাড়ি পৌরসভার সচিব আশরাফুজ্জামানের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধার কালীগঞ্জে। তিনি সচিবের স্বজন বলে দাবি করেন তাঁরা।
কাউন্সিলররা আরও বলেন, ‘১২ জুলাইয়ের ওই নিয়োগপ্রক্রিয়া বন্ধে আমরা গত ১১ জুলাই জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা প্রশাসক সুষ্ঠু ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্নের আশ্বাস দেন। বাস্তবে পরীক্ষা নেওয়া হয় প্রহসনের। পরে আমরা ২৩ জুলাই ওই নিয়োগ বাতিল ও মেয়রের অর্থ আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসকের কাছে আবারও লিখিত অভিযোগ করি। যার অনুলিপি দুর্নীতি দমন কমিশন দিনাজপুরে দিই। কিন্তু আমরা কোথাও বিচার না পেয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করি।’
লিখিত বক্তব্যে কাউন্সিলরদের পক্ষে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহমত আলী বলেন, ‘শুধু নিয়োগ-বাণিজ্যই নয়, পৌরসভার সচিব আশরাফুজ্জামানের সহযোগিতায় পৌর মেয়র পৌরসভার হাটবাজার ইজারা, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের অর্ধ কোটি টাকা উত্তোলন করে ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ রায়, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণজিৎ কুমার রায়, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহসীন আলী ও ১, ২, ৩ নম্বরের সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা বেগমের পক্ষে তাঁর স্বামী হাফিজুর রহমান।
মেয়র ফাহমিদ ফয়সাল প্রথম আলোকে বলেন, ‘নিয়োগপ্রক্রিয়ার বিষয়ে তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের চারজন প্রতিনিধি ওই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করেছেন। জেলা প্রশাসনের প্রতিনিধিরাই প্রশ্নপত্র তৈরি করেছেন। স্বচ্ছতা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই।’ পৌরসভার রাজস্ব খাতের টাকা ভুয়া ভাউচারে আত্মসাতের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আগে পৌরসভার হাটের ইজারা হতো সর্বোচ্চ ৪৫ লাখ টাকায়। এবার ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকায় ইজারা হয়েছে। অন্যান্য রাজস্ব আয়ও বেড়েছে। আমি কোথাও দুর্নীতি করলে তাঁরা প্রমাণ করুক।’ সচিব আশরাফুজ্জামানও তঁার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।