জলঢাকায় এক করোনা রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

নীলফামারীর জলঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক নারী মারা গেছেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। আজ রোববার জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান মো. রেজওয়ানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর বাড়ি জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়া দুই রোগীর মৃত্যু হয়েছে।

আবু হাসান মো. রেজওয়ানুল কবির জানান, ওই নারী দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর মাথাব্যথায় ভুগছিলেন। তাঁর উচ্চ রক্তচাপও ছিল। তিনি গত ৩০ এপ্রিল জ্বরে আক্রান্ত হন। এরপর জ্বর না কমায় তিনি ৬ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। ৮ মে তাঁর নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। এ অবস্থায় ওই নারী অনেকটা সুস্থ অনুভব করায় তাঁর ইচ্ছানুযায়ী তাঁকে তাঁর নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়। শনিবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। রোববার সকাল সাতটার দিকে স্বাস্থ্য বিভাগের বিধি অনুযায়ী ওই নারীর লাশ তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের এক ব্যক্তি (৬২)। ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়। তাঁর নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। ৭ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত নীলফামারী জেলায় ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। মারা গেছেন দুজন। চিকিৎসাধীন ২৭ জন। সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।