জলমগ্ন ঘর ছাড়ছে মানুষ

আগস্ট মাসজুড়েই পদ্মা নদীর পানি বাড়তে পারে বলে ধারণা পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের।

পদ্মা নদীর পানি ঢুকেছে বসতবাড়িতে। জলমগ্ন বাড়িঘর থেকে মালামাল সরিয়ে নেয় নারী ও শিশুরা। গতকাল দুপুরে রাজশাহী নগরের বাজেকাজলা এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে চলতি আগস্টের শুরু থেকেই পদ্মার পানি বাড়ছে। এতে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় দুই হাজার পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, উজান থেকে আসা ঢলের কারণে পদ্মায় পানি বেড়েছে, আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

পাউবো সূত্রে জানা গেছে, ‘৮৮ রামপুর-বোয়ালিয়া, রাজশাহী’ স্টেশনে গতকাল সকাল ৬টায় পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৫৯ মিটার উচ্চতায়। বেলা ৩টায় এই পানি ৪ সেন্টিমিটার বেড়ে ১৭ দশমিক ৬৩ সেন্টিমিটার উচ্চতায় ওঠে।

রাজশাহী পাউবোর হাইড্রোলজি বিভাগের পানি পরিমাপক এনামুল হক বলেন, উজানে ঢলের কারণে পদ্মায় পানি বাড়ছে। আগস্ট মাসজুড়েই পানি এভাবে বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।

পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের বাড়িতে পানি ঢুকে পড়েছে। নগরের রানিনগর এলাকায় অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার মাঠ সম্পূর্ণ প্লাবিত হয়েছে। গতকাল দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে প্রায় হাঁটুপানি।

বিদ্যালয়ের পাশে জরিনা বেগমের বাড়িতে কোমরপানি। তাঁর পরিবারের সদস্যদের নৌকায় করে বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিতে দেখা যায়। নগরের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলী বলেন, পঞ্চবটি এলাকা থেকে হাদির মোড় পর্যন্ত তাঁর ওয়ার্ডের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তারা মানবেতর জীবন যাপন করছে। পদ্মা নদীর ধারে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন রাবেয়া বেগম (৫৫)। তিনি বলেন, খাওয়ার যেমন কষ্ট, তার চেয়ে বড় কষ্ট ঘুমানোর। সারা রাত বসেই কাটাতে হয়। পানি বাড়লে বিপদও বাড়বে। তখন কীভাবে চলবেন, বুঝতে পারছেন না।