জলাধারে কুমির, বড় জাল না থাকায় ধরা যাচ্ছে না

ছোট জাল দিয়ে কুমিরটি ধরা সম্ভব হয়নি। বড় জাল পেলে আবার সেখানে অভিযান চালানোর কথা রয়েছে।

কুমির ধরার অভিযান দেখতে ভিড় করেন আশপাশের লোকজন। গত বুধবার ফরিদপুর সদর উপজেলার জলিল মোল্লার ডাঙ্গি এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের একটি জলাধারে কুমির প্রবেশ করায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। প্রায় এক সপ্তাহ সেখানে অবস্থান করছে কুমিরটি। বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ অভিযান চালিয়েও কুমিরটি ধরতে পারেনি। বড় জাল পেলে আবার সেখানে অভিযান চালানোর কথা রয়েছে।

কুমিরটি অবস্থান করছে নর্থ চ্যানেল ইউনিয়নের ৩৮ দাগ এলাকায় জলিল মোল্লার ডাঙ্গি গ্রামে। এ জলাধার এলাকায় ফালুর খাল হিসেবে পরিচিত। জলাধারটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার ও প্রস্থ ৭৫ থেকে ১০০ মিটার। স্থানভেদে গভীরতা ৫-২০ মিটার পর্যন্ত। এটি মূল পদ্মা নদী থেকে ১০০ মিটার দূরে। পদ্মা থেকে সরু একটি চ্যানেল চলে গেছে ওই জলাধারের দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ জুলাই সালাম খাঁর ডাঙ্গি গ্রামের হজরত মিয়া (২৪) পদ্মা নদী থেকে আনুমানিক চার কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরেন। মাছটির মুখে দড়ি বেঁধে ফালুর খালের মধ্যে চুবিয়ে রাখেন। কিছুক্ষণ পর তিনি মাছটি তুলে আনার জন্য দড়ি ধরে টান দিলে কুমিরটি দেখতে পান। কুমিরটি দেখার পর স্থানীয় পুরোনো মোহন মিয়া হাট জামে মসজিদ থেকে মাইকিং করা হয়েছে, যাতে কেউ সেখানে না নামেন।

কুমিরটি ধরতে গত বুধবার খুলনা থেকে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পালের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল এ অভিযান শুরু করে বুধবার। ওই দিন বেলা দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানেও ধরা সম্ভব হয়নি কুমিরটিকে। ওই দিনের জন্য অভিযান বন্ধ ঘোষণা করা হয়। বড় জাল জোগাড় হওয়া সাপেক্ষে আজ শুক্রবার আবার অভিযান শুরু করার কথা।

এ সম্পর্কে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, কুমিরটি বিরল প্রজাতির মিঠাপানির কুমির। এটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়ার পথে। এর আগে ২০১৫ সালে মাগুরায় মধুমতী নদী থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছিল।

নির্মল কুমার পাল আরও বলেন, ‘অন্তত ২০ বছর আমাদের এ ধরনের উদ্ধার অভিযান করতে হয়নি। এ জন্য আনুষঙ্গিক সামগ্রী আমাদের জিম্মায় নেই। ছোট আকারের একটি জাল দিয়ে কুমিরটিতে আটকিয়ে ফেলেছিলাম। কিন্তু জালের প্রস্থ কম হওয়ায় কুমিরটি জালের বের হয়ে যায়।’