জলাবদ্ধ খাল–নালার তালিকা চেয়ে সিডিএকে চিঠি দেবে চসিক
নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাইরে থাকা খাল ও বড় নালা খনন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ জন্য প্রকল্পের বাইরে থাকা খাল ও নালার তালিকা জানতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চসিক।
আগামী রোববার সিডিএকে এই চিঠি দেওয়ার কথা চসিকের। তালিকা পেলে অগ্রাধিকারের ভিত্তিতে খাল ও নালা খনন শুরু করবে সিটি করপোরেশন।
বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে অংশ নেন সিটি করপোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা।
বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রকৌশলী বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরের ৩৬টি খাল ও ৩০২ কিলোমিটার নালা সংস্কারের কাজ করছে সিডিএ। কিন্তু নগরে বর্তমানে ৫৭টি খাল ও ৯৫০ কিলোমিটার নালা রয়েছে। অর্থাৎ খাল ও নালার একটি বড় অংশ সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাইরে রয়ে যাচ্ছে। এ কারণে সিটি করপোরেশন খাল ও বড় নালার খননকাজ বন্ধ রেখেছে। অপর দিকে প্রকল্পের কাজ চললেও প্রতিবছর বর্ষায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ জন্য নগরবাসী সিটি করপোরেশনকেই দোষারোপ করে আসছে। এ অবস্থায় বর্ষা মৌসুমের আগাম প্রস্তুতি হিসেবে জলাবদ্ধতা প্রকল্পের বাইরে থাকা খাল ও নালা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।
বৃহস্পতিবারের বৈঠকে মেয়র প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বাইরে থাকা খাল ও নালার তালিকা দিতে সিডিএকে চিঠি দেওয়া, অগ্রাধিকারের ভিত্তিতে খননযোগ্য খাল ও নালার তালিকা করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে নগরের চারটি ওয়ার্ডে সীমিত পরিসরে খাল ও নালা খননের কাজ শুরু করেছে। তবে কাজের পরিধি আরও বড় পরিসরে করার নির্দেশনা দিয়েছেন মেয়র। নির্দেশনা অনুযায়ী আগামী বর্ষার আগপর্যন্ত নগরের নালা–নর্দমা ও খাল খননের কাজ চলবে।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর নগরের পূর্ব ষোলোশহর ওয়ার্ডের বীর্জা খাল খননের মধ্যে ওই খননকাজ শুরু করে সিটি করপোরেশন। এখন নগরের পশ্চিম ষোলোশহর, চান্দগাঁও ও উত্তর হালিশহর ওয়ার্ডে এই কার্যক্রম চলছে।