জলাবদ্ধতা কমাতে কীর্তনখোলার ৫টি সংযোগ খাল পুনঃখনন হবে
পানিসম্পদ প্রতিমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের কীর্তনখোলার নদীর সঙ্গে সংযুক্ত পাঁচটি খাল পুনঃখনন এবং একই সঙ্গে নদী তীরে ফ্লাড ওয়াল নির্মাণে প্রকল্প দিতে নির্দেশ দেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বরিশাল নগরের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় নদ-নদীর অধিক উচ্চতার জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা কমাতে কীর্তনখোলা নদীর পাঁচটি সংযোগ খাল পুনঃখনন করার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের কীর্তনখোলার নদীর সঙ্গে সংযুক্ত পাঁচটি খাল পুনঃখনন এবং একই সঙ্গে নদী তীরে ফ্লাড ওয়াল নির্মাণে প্রকল্প দিতে নির্দেশ দেন। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, এটা করা হলে বন্যা বা জোয়ারের পানি বরিশাল নগরে ঢুকতে পারবে না। এই প্রকল্প সম্পন্ন হলে আগামী ২-৩ বছরের মধ্যে একটি সুন্দর বরিশাল নগর উপহার দেওয়া সম্ভব হবে।
পলি আসাতে আমাদের নদীর নাব্যতা কমছে। ড্রেজিং করলেও ছয় মাসের মধ্যে নাব্যতা হ্রাস পায়। এ জন্য বর্ষার সময় প্রচুর বৃষ্টি হলে নদীর পানি দুই কূল ছাপিয়ে গ্রাম প্লাবিত করে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী শনিবার সন্ধ্যায় বরিশালের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তখন তিনি পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদকে এই নির্দেশ দেন। বন্যা ও ভাঙনের খবর পেয়ে তিনি সরকারি সফরে শনিবার দুপুরে বরিশাল পৌঁছান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভাটির দেশের মানুষ। আমাদের উজানে ভারত, নেপাল, ভুটান ও চীন অবস্থিত। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ারও পরিবর্তন হচ্ছে। বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে। শুষ্ক মৌসুমে বৃষ্টি ও নদী তীরের ভাঙন হচ্ছে। বৃষ্টির পানি উজানের দেশ থেকে ভাটিতে এসে বঙ্গোপসাগরে চলে যায়। আর সেখান থেকে প্রতি বছর বর্ষা মৌসুমে ২ বিলিয়ন মেট্রিক টন পলি মাটি আমাদের দেশে আসছে। পলি আসাতে আমাদের নদীর নাব্যতা কমছে। ড্রেজিং করলেও ছয় মাসের মধ্যে নাব্যতা হ্রাস পায়। এ জন্য বর্ষার সময় প্রচুর বৃষ্টি হলে নদীর পানি দুই কূল ছাপিয়ে গ্রাম প্লাবিত করে।’
এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদ-নদীতে গত এক সপ্তাহ ধরে অব্যাহত অধিক উচ্চতার জোয়ারে বিপর্যস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন। বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ইন্দুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণের পর প্রতিমন্ত্রী জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি কীর্তনখোলা নদীর পানির সর্বশেষ অবস্থা পরিদর্শন করতে ত্রিশ গোডাউন এলাকায় যান।
পরে প্রতিমন্ত্রী ২৫ নম্বর ওয়ার্ডের কালিজিরা এলাকার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ড্রেজিং করে নদীর প্রস্থ যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা সেগুলোতে নিয়মিত খনন কাজ চালিয়ে যেতে পারব। এখনকার মতো বন্যা হবে না।’