জলাবদ্ধতা নিরসনে অর্থ খরচ হলেও সুফল পাচ্ছে না এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা নিরসনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলায় সরকার গত ১৫ বছরে খরচ করেছে ৪ হাজার ১০৭ কোটি টাকা, যা ওই এলাকাগুলোর স্বল্পমেয়াদি জলাবদ্ধতা নিরসন করলেও দীর্ঘমেয়াদি কোনো সমাধান হয়নি। এর ফলে আবার ওই সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। জলাবদ্ধতা নিরসনে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ না করায় এমনটি হচ্ছে।
গতকাল শনিবার খুলনা সার্কিট হাউসে এক কর্মশালায় এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে এসব কথা বলেন ইউএনডিপির প্রধান পরামর্শক মো. রফিকুল ইসলাম। গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। তবে প্রকল্পগুলো করা হয়েছে এলাকাভিত্তিক। এর ফলে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো ফল ওই সব প্রকল্প থেকে পাওয়া কঠিন হবে।
উদাহরণ হিসেবে রফিকুল ইসলাম বলেন, যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে সরকার কপোতাক্ষ নদসহ আশপাশের অনেক খাল খননের উদ্যোগ নিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কপোতাক্ষ নদের উজান ও ভাটিতে মুখ বন্ধ হয়ে আছে। এর ফলে প্রকৃতপক্ষে পানি নিষ্কাশন ভালো হচ্ছে না।
ইউএনডিপি আয়োজিত ওই কর্মশালায় জানানো হয়, ২০০১-০২ থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত সরকার ওই তিন জেলার জলাবদ্ধতা নিরসনে যে পরিমাণ অর্থ খরচ করেছে তা জেলাগুলোর বার্ষিক জাতীয় উন্নয়ন বরাদ্দের ১৫ শতাংশ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রধান মো. সাইদুল হক, যুগ্ম প্রধান প্রশান্ত কুমার চক্রবর্তী, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের যুগ্ম প্রধান স্বপন কুমার ঘোষ, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার ঘোষ, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, ইউএনডিপির জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এ কে এম মামুনুর রশিদসহ তিন জেলার জেলা প্রশাসক ও বিশিষ্টজনেরা।
কর্মশালায় বক্তারা বলেন, জলাবদ্ধতা ওই এলাকাগুলোর জন্য জনদুর্ভোগে পরিণত হয়েছে। এখনই এর সমাধান করতে না পারলে দুর্ভোগ আরও বাড়বে। তাঁরা প্রকল্পের কাজগুলো স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে করার জন্য সংশ্লিষ্ট লোকজনের প্রতি আহ্বান জানান।