চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা-নর্দমা থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের বিকল্প নেই। এর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), ওয়াসাসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। এ ছাড়া নাগরিকদেরও সহযোগিতামূলক আচরণ করতে হবে।
গতকাল শনিবার দুপুরে ‘চট্টগ্রামের জলাবদ্ধতা রোধে নাগরিক করণীয়’ শীর্ষক মুক্ত সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘চট্টগ্রাম নাগরিক উদ্যোগ’ নামের একটি সংগঠন নগরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে সাদার্ন ইউনিভার্সিটির সহ-উপাচার্য আলী আশরাফ বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিরসনে মহাপরিকল্পনা গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এখনো পর্যন্ত নগরের পানিনিষ্কাশনে সুষ্ঠু কোনো ব্যবস্থাপনা নেই। ১৯৬৯ সালে নগরের নেভাল থেকে কালুরঘাট পর্যন্ত ৩৪টি খাল ছিল। কিন্তু এখন আছে মাত্র ২১টি। বাকি খালগুলোর অস্তিত্ব নেই। জলাবদ্ধতা নিরসন করতে হলে নগরের দখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করতে হবে। খালের জায়গা খালে ফিরিয়ে দিলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। ১৯৯৫ সালের মহাপরিকল্পনা অনুযায়ী নগরে একাধিক নতুন খাল খননের পরামর্শ দেন তিনি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন। আইনের বাধ্যবাধকতা ছাড়া কোনো সমন্বয় সম্ভব নয়। তাই আইনগত কাঠামোতে সমন্বয় সম্ভব হলে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও বাধা দূর করতে হবে। নাগরিক উদ্যোগও নিতে হবে। তবে নাগরিক উদ্যোগ নিলে হবে না, দোষারোপের রাজনীতিও বন্ধ করতে হবে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ড্রেনেজ ও স্যুয়ারেজ নিয়ে খসড়া মহাপরিকল্পনা করা হয়েছে। জুনের মধ্যেই এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান বলেন, চট্টগ্রাম নগর পানিতে ডুবে থাকলেও ওই সময় খালের মুখে পানিপ্রবাহ থাকে না। প্রায় প্রতিটি খালের মুখে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এগুলো উচ্ছেদ করা জরুরি।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ, হাসান মুরাদ বিপ্লব ও আবিদা আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক, চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী মাহমুদুল ইসলাম খান প্রমুখ।