জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা
ছবি: প্রথম আলো

জলাবদ্ধতা নিরসনে ছয়টি খাল পুনঃখননের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরসহ কয়েকটি ইউনিয়নের পানিবন্দী মানুষ মানববন্ধন করেছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সাতক্ষীরা-আশাশুনি সড়কে কয়েক শ পানিবন্দী মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণে শিবপুর ইউনিয়নের সোনাইবিল, পদ্মবিল, সুধিরবিল, মালিনি বিলসহ কয়েকটি বিলের প্রায় তিন হাজার একর জমির ফসল, শতাধিক মাছের ঘের ও পুকুর পানিতে ভেসে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। মানুষের বাড়ির আঙিনাসহ ঘরবাড়িতে পানি ঢুকেছে। গ্রামের পাকা ও কাঁচা রাস্তাও পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় শিবপুর, আলীপুর খোনা ও আগরদাড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছেন।

জলাবদ্ধতা সমস্যা নিরসনে অনতিবিলম্বে সোনাইবিলের বারোপোতা খাল, পদ্মবিলের চিংড়ি খোলা খাল, মালিনি বিলের পায়রাডাঙ্গা খাল, খানপুর পূর্বপাশের বিলের খাল, পরানদহা কচুরবিলের খাল পুনঃখননসহ পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে জানান তাঁরা।

শিবপুর ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি মোজাম্মেল হোসেনসহ শিবপুর ইউনিয়নের একাধিক ইউপি সদস্য বক্তব্য দেন। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।