জলাবদ্ধতায় বোরো চাষ নিয়ে দুচিন্তায় চাষিরা

খাল সংস্কারের জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কাছে বারবার অভিযোগ করেও এর কোনো সমাধান পাননি স্থানীয় লোকজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁ স‍দর উপজেলার হাঁসাইগাড়ী ও দুবলহাটি ইউনিয়নের দুটি মাঠের জলাবদ্ধতায় অন্তত ১৫০ হেক্টর জমিতে এবার বোরো ধান চাষ করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন চাষিরা। এতে বোরো আবাদ নিয়ে দুচিন্তায় পড়েছেন উপজেলার ৯টি গ্রামের ২ হাজার চাষি।

ভুক্তভোগী কয়েক চাষি বলেন, সাত বছর আগে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের বারোমাসীয়া ও দুবলহাটি ইউনিয়নের প্রতাপদহ মাঠের মধ্য দিয়ে যাওয়া খাল পুনর্খনন করা হয়। কিন্তু ওই খাল পুনর্খননে অব্যবস্থাপনা, মাঠের পানি খালে নামার মুখগুলো বন্ধ হয়ে যাওয়া ও খাল পুনর্খননের জন্য দেওয়া খালপাড়ের বাঁধের কারণে তিন-চার বছর ধরে মাঠ দুটিতে জলাবদ্ধতা আরও বেড়েছে। এ ছাড়া স্থানীয় প্রভাবশালী অনেক ব্যক্তি বেড়া ও বাঁশ পুঁতে দেওয়ায় সেখানে কচুরিপানা জমে পানি নিষ্কাশনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এতেও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। খাল সংস্কারে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কাছে বারবার অভিযোগ করেও এর কোনো সমাধান পাননি স্থানীয় লোকজন। এই পরিস্থিতিতে খালটি পুনঃসংস্কার করে জমে থাকা পানি দ্রুত নামানোর দাবি জানিয়েছেন চাষিরা।

আগামী মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত বোরো ধানের চারা লাগানো যাবে। এর মধ্যে আর বৃষ্টি না হলে অনেক জমিরই পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শামসুল ওয়াদুদ, উপপরিচালক, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়

কৃষকদের সেচ সুবিধার জন্য ২০১৫-১৬ অর্থবছরে বিএমডিএ জলবায়ু ট্রান্সপ্ল্যান্ট প্রকল্পের আওতায় মহাদেবপুর উপজেলার চকগৌরি থেকে শুরু করে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের প্রদাপদহ থেকে হাঁসাইগাড়ী ইউনিয়ন হয়ে নলমাড়া খাল পর্যন্ত ৩৭ কিলোমিটার খাল পুনর্খনন শুরু করে। ২০১৭ সালে এই খাল পুনর্খননের কাজ শেষ হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বারোমাসীয়া ও প্রতাপদহ মাঠে হেক্টরের পর হেক্টর জমি জলাবদ্ধতা অবস্থায় পড়ে আছে। মাঠের পানিতে ভাসছে কচুরিপানা ও শাপলা। ধানের চারা তলিয়ে গেছে।

সদর উপজেলার ভীমপুর গ্রামের কৃষক আনোয়ারুল ইসলামের বারোমাসীয়া মাঠে জমি আছে ছয় বিঘা। তাঁর জমিগুলো মাঠের উঁচু স্থানে হওয়ায় গত বছর ওইসব জমিতে তিনি বোরো চাষ করেছিলেন। এবারও তিনি ওই ছয় বিঘা জমিতে বোরো চাষ করেন। তবে কিছুদিন আগে দুই দিনের ভারী বৃষ্টিতে তাঁর খেতের সব ধান তলিয়ে যায়। তিনি বলেন, মাঠে তো শুধু পানি আর পানি।

দুবলহাটি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের কৃষক আবদুর রশিদের প্রতাপদহ মাঠে চার বিঘা জমি আছে। তিনি বলেন, ‘জমিতে অ্যাখনও তিন-চার হাত পর্যন্ত পানি জম্যা আছে। গত বছরেও ওইসব জমিত ধানের মুখ দেখিনি। এবারও ধান হবে না। বউ-ছল লিয়ে না খ্যায়ে মরতে হবে।’

স্কুলশিক্ষক ও প্রদাপদহ গ্রামের বাসিন্দা তোজাম্মেল হোসেন বলেন, বিএমডিএ দায়সাড়াভাবে খাল খনন করেছে। খালটি পুনঃসংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে জলাবদ্ধতা সমস্যা দূর হওয়ার সম্ভাবনা নেই।

হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন মোল্লা বলেন, উপজেলার ভীমপুর, পাটাকাটা, প্রাণইল, চকাদেব, বুদগাড়ী, কৃষ্টপুর, চুয়ারপাড়া, চড়ই গোলাসহ অন্তত ৯টি গ্রামের ২ হাজার কৃষকের ১৫০ হেক্টর জমি এখন পানির নিচে রয়েছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক শামসুল ওয়াদুদ বলেন, আগামী মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত বোরো ধানের চারা লাগানো যাবে। এর মধ্যে আর বৃষ্টি না হলে অনেক জমিরই পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএমডিএ নওগাঁ রিজিয়ন-১ এর নির্বাহী প্রকৌশলী শমসের আলী বলেন, ‘সেচসুবিধা সৃষ্টি ও মাঠের জলাবদ্ধতা দূর করতে মহাদেবপুর ও সদর উপজেলায় ৩৭ কিলোমিটারব্যাপী খাল খনন করা হয়। এর মধ্যে দুবলহাটির প্রতাপদহ মাঠ থেকে হাঁসাইগাড়ীর নলমারা খাল পর্যন্ত খাল খননে কিছু সমস্যার অভিযোগ পেয়েছি। একটি খাল খননের ৫-৭ বছর পর এমনিতেই ভরাট হয়ে যায়। আর খালে স্থানীয়দের মাছ চাষের জন্য দেওয়া বেড়া, বাঁশ, ডাল পুঁতে রাখায় কচুরিপানা জমাট বাঁধতে পারে। এ জন্যও পানি নিষ্কাশনে সমস্যা হতে পারে। এসব সার্বিক বিষয়ে আমরা তদন্ত করছি ও কীভাবে পানি নিষ্কাশন করা যায়, তা নিয়ে ভাবছি। প্রয়োজন হলে নতুন প্রকল্পের জন্য প্রস্তাব পাঠানো হবে। প্রকল্প প্রস্তাব পাস হলে খালটি পুনঃসংস্কার করা হবে।’