জলাশয় থেকে বাস উদ্ধারের পর ভেসে উঠল নারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মাধবদীতে গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি জলাশয়ে উল্টে পড়ে যায়। ঘটনার পাঁচ ঘণ্টা পর বাসটি পানি থেকে ওঠানো হয়। এরপর এক নারীর লাশ ভেসে ওঠে।
প্রথম আলো

নরসিংদীর মাধবদীতে গতকাল শুক্রবার বিকেলে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি জলাশয়ে উল্টে পড়ে যায়। পাঁচ ঘণ্টা ধরে থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করে রাতে ক্রেনের মাধ্যমে বাসটি সড়কে তোলেন। বাসটি উদ্ধারের পরপরই ঘটনাস্থলে ভেসে ওঠে এক নারীর লাশ। ওই নারী দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রী ছিলেন।

আজ শনিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হায়দার তালুকদার। এই ঘটনায় শুক্রবার রাত দুইটার দিকে ফাঁড়িটির সার্জেন্ট শ্রীবাস দাস বাদী হয়ে বাসটির অজ্ঞাতপরিচয় চালককে আসামি করে একটি মামলা করেছেন।

নিহত নারীর নাম শাহীনুর বেগম (৪০)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বৈরাগীরচর এলাকার নবী হোসেনের স্ত্রী। অসুস্থ ভাইকে দেখতে গতকাল দুপুরে বাড়ি থেকে বের হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাওয়ার জন্য তিনি বাসে করে রওনা হন।

হাইওয়ে পুলিশ জানায়, বেলা তিনটার দিকে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে মনোহরদী পরিবহন নামের বাসটি আট যাত্রী নিয়ে ছেড়ে আসে। বিকেল চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। যাত্রীরা একে একে বাসটির দরজা ও জানালা দিয়ে বেরিয়ে আসেন। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান।

পরে খবর পেয়ে মাধবদী থানার পুলিশ, ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচ ঘণ্টা চেষ্টার পর ক্রেনের মাধ্যমে বাসটি সড়কে তুলে আনেন। এর আগে কয়েক ডুবুরি ওই পানিতে নেমে দেখেন, বাসের ভেতর কোনো যাত্রী আটকে নেই। তবে বাসটি উদ্ধারের কিছুক্ষণের মধ্যে ওই জলাশয়ে নারীর লাশটি ভেসে ওঠে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খাজা মাইনুদ্দীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।