জলে ভাসা জীবনের ইতি, স্থায়ী ঠিকানা পেলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থায়ী ঠিকানায় বসবাস শুরু করেছে মানতা সম্প্রদায়ের মানুষেরা। সম্প্রতি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট এলাকায়
ছবি: প্রথম আলো

ছইওয়ালা ছোট ছোট নৌকার বহর। সেই নৌকাতে জীবনের শুরু, নৌকাতেই শেষ। মাঝে জীবিকার তাগিদে নৌকায় করে এঘাট-ওঘাট ছুটে চলা। পটুয়াখালীর উপকূলের এই জল যাযাবরেরা ‘মানতা’ সম্প্রদায় হিসেবে পরিচিত।

লিপি বেগমের (৩৮) জীবনটাও এমনভাবেই শুরু হয়েছিল। ১৪ বছর বয়সে লিপির বিয়ে হয় নিজ সম্প্রদায়ের এক তরুণের সঙ্গে। এক নৌকা থেকে অন্য নৌকায় গিয়ে সংসার পাতেন। স্বামী জসীম সিকদারের সঙ্গে নৌকায় মাছ ধরেন, বাজারে বিক্রি করে চলে সংসার। দুই মেয়ে জুলিয়া (৯) ও সুমাইয়া (৮) এবং এক ছেলে আসলামকে (৭) নিয়ে নৌকাতেই চলছিল সংসার।

অবশেষে লিপি বেগমের বসতি হয়েছে ডাঙায়। প্রধানমন্ত্রীর উপহারের ঘর তাঁদের স্থায়ী ঠিকানা লেখার সুযোগ করে দিয়েছে। লিপি বেগমের মতো জলে ভাসা মানতা সম্প্রদায়ের ২৯টি পরিবার এই ঘর পেয়েছে। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে তারা এসব ঘরে বসবাস শুরু করেছে।

এই পরিবারগুলো এত দিন পটুয়াখালীর রাঙ্গাবালীর বিচ্ছিন্ন ইউনিয়ন চরমোন্তাজ এলাকার নদ-নদীতে ভেসে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন তাদের স্থায়ী ঠিকানা চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় বুড়াগৌরাঙ্গ নদের পাড়ে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সারিবদ্ধভাবে ৩০টি নতুন ঘর নির্মিত হয়েছে। এর মধ্যে ২৯টি ঘরে ২৯ পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোতে নারী-পুরুষ-শিশুদের কলরব।

নৌকার আমাগো মরণ, নৌকায়ই বাঁচন। কোনো ঠিকানা নাই আমাগো। এইবার ভোটার হইছি, ঘর পাইছি।
চাঁদনী বিবি (৪৫)

লিপি বেগম বলেন, স্বামী-সন্তানদের নিয়ে নৌকায় সংসার খুব কষ্টের জীবন ছিল। কোনো ঠিকানা ছিল না। সন্তানদের লেখাপড়া হতো না। এখন ঘর পেয়ে শুধু স্থায়ী ঠিকানাই হয়নি, সন্তানদের জন্য স্কুল হয়েছে। স্বামী-স্ত্রী ভোটার হয়েছেন।

মানতা সম্প্রদায়ের চাঁদনী বিবি (৪৫) নামের আরেক নারী বলেন, ‘নৌকার আমাগো মরণ, নৌকায়ই বাঁচন। কোনো ঠিকানা নাই আমাগো। এইবার ভোটার হইছি, ঘর পাইছি।’

চাঁদনী বিবির মেয়ে মেঘলারও (২০) বিয়ে হয়েছে নৌকায়। জিসান নামের এক বছরের ছেলে রয়েছে তাঁর। তাঁর জন্মও নৌকায়। মেঘলা বলেন, ‘ঘর পাওয়ার পর একটি ঠিকানা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘর পেয়ে তাঁরা খুব খুশি। তবে এখনো মানতা সম্প্রদায়ের অনেক পরিবার নৌকায় রয়েছে।

মানতা সম্প্রদায়ের অনেকে এখনো বসবাস করছে নৌকায়। পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নে
ছবি: প্রথম আলো

বেসরকারি একটি উন্নয়ন সংস্থার জরিপ থেকে জানা যায়, ১৯৮৪ সাল থেকে চরমোন্তাজ স্লুইস খালে ভাসমান নৌকায় মানতা সম্প্রদায়ের লোকজন বসবাস শুরু করে। এই উপকূলে মানতা সম্প্রদায়ের অন্তত ১০০টি পরিবার রয়েছে। তবে চরমোন্তাজ ইউনিয়নে ৫০ থেকে ৬০টি পরিবার ভাসমান নৌকায় বসবাস করছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান বলেন, তাঁদের মূল লক্ষ্য হলো এই পরিবারগুলোকে একটি সামাজিক পরিচয় দেওয়া। আর সেই পরিচয় হলো তাদের একটি আবাস, তাদের নাগরিকত্ব। এত দিন তারা নাগরিকই ছিল না। এই মানতা সম্প্রদায়ের শিশুদের লেখাপড়ার জন্য ইতিমধ্যে একটি ভাসমান স্কুল হয়েছে।

ইউএনও আরও বলেন, এই উপকূলের মানতা সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৪০টি পরিবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর এসেছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ৪০টি পরিবারের মধ্যে প্রথম দফায় ২৯টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ দিয়েছেন। এসব পরিবার কখনোই ঘরে বসবাসের সুযোগ পায়নি। এবার তারা সেই সুযোগ পাচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে ডাঙায় পুনর্বাসন করা হবে।