জলেই ঠাঁই হলো বাদলের
যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে আন্দোলন করতেন তিনি। সংগ্রাম এখনো শেষ হয়নি। এর আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। শেষবারের মতো তাঁর লাশও বাড়িতে নেওয়া যায়নি। উঠান যে এখনো পানির নিচে। পানিতে তলিয়ে রয়েছে পারিবারিক কবরস্থানও। গতকাল শনিবার সেখানেই লাশ দাফন করা হয়েছে বাদল মোল্যার।
বাদল মোল্যার (৩৮) বাড়ি অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে। গত শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির চলিশিয়া ইউনিয়নের সদস্য ছিলেন। তিনি পেশায় ছিলেন ব্যবসায়ী।
চলিশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা বলেন, ভবদহের কারণে চলিশিয়া ইউনিয়নের বেশির ভাগ গ্রাম জলাবদ্ধ। বাদল এই জলাবদ্ধতা নিরসনের জন্য সংগ্রাম করতেন। বাদল আজ নেই। কিন্তু জলাবদ্ধতা রয়ে গেছে।
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়েভবদহ অঞ্চল গঠিত। পলি পড়ার কারণে এ অঞ্চলের তিন নদী—মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নাব্য হারিয়েছে। এ কারণে এ অঞ্চলের পানি নিষ্কাশনের আর কোনো পথ নেই। সর্বশেষ ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত টানা বর্ষণে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুরের ১০৫টি গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ।
ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবিতে গত বছরের ৫ অক্টোবর অভয়নগরের নওয়াপাড়ায় রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে এলাকাবাসী। সেখানে বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। এতে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। বাদল মোল্যাও তাঁদেরএকজন।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের আন্দোলনে বাদল সাহসী সংগঠক ছিলেন। তাঁর মৃত্যুতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি একজন ভালো সংগঠক হারাল।