'জাগো বাহে কোনঠে সবায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশা-ভ্যানচালকদের মধ্যে ‘৫ টাকা’ প্রতীকী মূল্যে এক সপ্তাহের কাঁচা তরিতরকারি বিতরণের প্রস্তুতি নিচ্ছেন ‌‘জাগো বাহে কোনঠে সবায়’ সংগঠনের সদস্যরা। গতকাল দুপুরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় উত্তরা গণভবনের সামনে।  ছবি: মুক্তার হোসেন
রিকশা-ভ্যানচালকদের মধ্যে ‘৫ টাকা’ প্রতীকী মূল্যে এক সপ্তাহের কাঁচা তরিতরকারি বিতরণের প্রস্তুতি নিচ্ছেন ‌‘জাগো বাহে কোনঠে সবায়’ সংগঠনের সদস্যরা। গতকাল দুপুরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় উত্তরা গণভবনের সামনে। ছবি: মুক্তার হোসেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণার দিনই তিনি বুঝতে পেরেছিলেন, কর্মহীন মানুষ ভোগান্তিতে পড়তে যাচ্ছে। তাই এসব মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। জরুরি দরকারে কাজে লাগানোর জন্য ঘরে রাখা দুই লাখ টাকা দিয়ে চাল, ডাল, তেল, সাবান কিনে ফেলেন। কর্মহীন মানুষের দুয়ারে দুয়ারে এসব পৌঁছানো শুরু করলেন। এভাবেই শুরু। এরপর করোনার ব্যাপ্তি বাড়ায় কাজের পরিধিও বাড়িয়েছেন তিনি। এর সঙ্গে যুক্ত করেছেন স্থানীয় তরুণদেরও।

করোনাকালে মানুষের কল্যাণে এমন কাজ করে চলেছেন নাটোরের ব্যবসায়ী আবদুস সালাম। তিনি কল্যাণমূলক এসব কাজ চালানোর জন্য একটি সংগঠন গড়ে তুলেছেন। নাম ‘জাগো বাহে কোনঠে সবায়’। এর আগেও তিনি নাটোরে সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিহত করতে লাঠি-বাঁশি সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। সেটিকে মডেল হিসেবে নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছিল।

আবদুস সালাম জানান, ২৫ মার্চ প্রথম দফাতেই দুই লাখ টাকার নিত্যপণ্য কেনেন। সিদ্ধান্ত নেন দোকানের কর্মচারীদের দিয়ে এসব পণ্য কর্মহীন মানুষের কাছে পৌঁছে দেওয়ার। পরে কাজের পরিধি বাড়ায় গড়ে তোলেন সংগঠন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণদের সেটি পরিচালনার দায়িত্ব দেন তিনি। সংগঠনের পক্ষ থেকে চালু করেন পরিষেবা নম্বর। ০১৭২৩১০৬২১৭ ও ০১৯১৬৬৫৩১৮৪ এই দুটি নম্বরে ফোন করলেই তাঁদের ঘরে পৌঁছে দেওয়া হয় পণ্যসামগ্রী। সাধারণ ছুটি যত দিন থাকবে, তত দিন এই কার্যক্রম চলবে।

সংগঠনের আহ্বায়ক সাহাদত হোসেন নবাব সিরাজ-উদ্‌-দৌলা সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী। তিনি বলেন, তাঁরা প্রথম দিন থেকেই শহরে জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করেন। প্রতিটি বাড়ির ফটকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেন। কর্মহীন মানুষদের খাবার বিতরণ তো রয়েছেই।

নাটোর স্টেশন বাজারের বাদাম বিক্রেতা আশিকুর রহমান বলেন, ‘স্টেশনে বাদাম বিক্রি করে সংসার চালাই। ট্রেন বন্ধ হওয়ার পর কেউ আসে না। বন্ধের দুদিন পর টাকার অভাবে চাল কিনতে পারিনি। খবর পায়া ভাইদের (সংগঠনটির সদস্য) কাছে গিছুনু। দুই বারে ১০ কেজি চাল-ডাল দিছে। একটা নম্বর দিছে। লাগলে ফোন দিতে বুলিছে।’

>


করোনাকালে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন নাটোরের আবদুস সালাম
তিনি একটি সংগঠন গড়ে তুলেছেন। নাম 'জাগো বাহে কোনঠে সবায়'।

শহরের তেবাড়িয়া রোডের ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, ‘আমার ত্রাণ দরকার নাই। কিন্তু বাড়ির সদস্য বেশি। তাই কাঁচা তরিতরকারি কেনার জন্য প্রায় বাজারে যেতে হতো। তবে কদিন থেকে আর যেতে হচ্ছে না। খুব কম দামে কিছু ছেলে তরকারি বাড়িতে পৌঁছে দিচ্ছে। এখন আর তরকারি কিনতে বাজারে যাচ্ছি না।’

মণীষাভবন কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, বর্তমান বাস্তবতায় প্রত্যেক ধনাঢ্য ব্যক্তিকে ত্রাণ কার্যক্রম চালাতে হবে। আশপাশের দরিদ্র মানুষদের দায়িত্ব ভাগ করে নিতে হবে। তা না হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। ‘জাগো বাহে কোনঠে সবায়’ সংগঠনটি সেই কাজটিই করছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আবদুস সালাম বলেন, কাজ হারানো মানুষের পাশাপাশি স্বল্প ও মধ্য আয়ের মানুষও এখন খাদ্যসংকটের মুখোমুখি। একবার ২-৪ কেজি চাল-ডাল দিয়ে দায়িত্ব শেষ করলে তো তাঁদের মাসের ক্ষুধা মিটবে না। তাই তিনি চরম সংকটগ্রস্ত ১০০টি পরিবারকে চিহ্নিত করেছেন। তাঁদের পর্যায়ক্রমে খাদ্য সরবরাহ করা হচ্ছে। স্ত্রীর জমানো টাকাও এই সংগঠনের কাজে লাগিয়েছেন। এরপর কী হবে, জানেন না।