জাটকা নিধন রোধ করতে না পারলে সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে

চাঁদপুরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিছুর রহমান। ৩৩ বছর ধরে তিনি মৎস্য গবেষণার সঙ্গে যুক্ত। বিশেষ করে, ইলিশের জীবনচক্র, প্রজনন, ব্যবস্থাপনার আধুনিকায়নসহ নানা কাজে সরাসরি তিনি যুক্ত আছেন। গত অর্থবছর দেশে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইলিশ আহরিত হয়, যা দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ। ২০১৭ সালে ইলিশ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পায়। পরের বছর বাংলাদেশের বিজ্ঞানীরা ইলিশের জীবনরহস্য উন্মোচন করেন। শীতে ইলিশ পাওয়া এবং নির্বিচার জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন হুমকিতে পড়তে পারে কি না, এসব নিয়ে প্রথম আলো কথা বলেছে তাঁর সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিছুর রহমান
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

প্রথম আলো: কয়েক বছর ধরে শীতে ইলিশ মিলছে, আগে মিলত না। এর পেছনে রহস্য কী?

আনিছুর রহমান: আগে আমাদের দেশে ইলিশ নিয়ে গবেষণা, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা ছিল না বলে আমাদের ইলিশ উৎপাদন বাড়েনি। কিন্তু ২০০৭ সালের পর এসব বিষয়ে যুগান্তকারী বেশ কিছু সিদ্ধান্ত, নিষেধাজ্ঞা, আইনের সংশোধন এবং ব্যবস্থাপনায় আধুনিকায়ন, বৈজ্ঞানিক ভিত্তি তৈরি হয়েছে বলে ইলিশের উৎপাদন বেড়েছে। মূলত আমরা এখন এই বর্ধিত উৎপাদনের ফল পাচ্ছি। এখন সারা বছরই কমবেশি নদ-নদী ও সাগরে ইলিশ মিলছে। ভরা মৌসুমে যেমন মিলছে, তেমনি শীতকালে আমরা একটি ইলিশের বর্ধিত মৌসুম পেয়েছি।

প্রশ্ন :

প্রথম আলো: এবার মা ইলিশ কী পরিমাণ ডিম ছেড়েছে? এর কোনো গবেষণা হয়েছে?

আনিছুর রহমান: ইলিশ উৎপাদনের সঙ্গে মা ইলিশের ডিম ছাড়ার বিষয়টি সম্পর্কযুক্ত। আমরা ২২ দিনের নিষেধাজ্ঞার সময় চেষ্টা করি যাতে মা ইলিশ নির্বিঘ্নে নদীতে ফিরে ডিম ছাড়তে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে। গত বছর ডিম ছাড়ার হার ছিল ৫১ দশমিক ২। কিন্তু এবার আমরা গবেষণা করে দেখেছি, নানা প্রতিকূলতার মধ্যেও সেই হার কিছুটা বেশি হয়েছে। ৫১ দশমিক ৭৬ শতাংশ। আশা করি, জাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশের উৎপাদন আগামী অর্থবছরে আরও বাড়বে।

প্রশ্ন :

প্রথম আলো: শীতে বড় ইলিশ পাওয়া যাচ্ছে, এটা যেমন ইতিবাচক, তেমনি নির্বিচার জাটকাও ধরা হচ্ছে। এটা কীভাবে দেখছেন?

আনিছুর রহমান: এটা আমাদের জন্য উদ্বেগের। আমরা যদি জাটকা নিধন কোনোভাবে রোধ করতে ব্যর্থ হই, তাহলে আমাদের সব চেষ্টা, শ্রম, উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হবে। এখানে বলে রাখা দরকার, ইলিশ উৎপাদন বাড়াতে আমাদের দীর্ঘ সময় ধরে লেগে থাকতে হয়েছে। গবেষণা করে ব্যবস্থাপনা নীতি গ্রহণ করতে হয়েছে। এ ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, মা ইলিশকে সাগর থেকে নদীতে ফিরে ডিম পাড়ার পরিবেশ নির্বিঘ্ন করা এবং দ্বিতীয়টি হচ্ছে জাটকা সংরক্ষণ করা। এর একটির ব্যত্যয় ঘটলে পুরো শৃঙ্খল ভেঙে যাবে। অবশ্যই জাটকা সংরক্ষণে সব পক্ষকে কঠোর মনোভাব পোষণ করে এগিয় আসতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: শীতকালের ইলিশে বর্ষাকালের মতো স্বাদ নেই বলে বদনাম আছে। এর সত্যতা আছে?

আনিছুর রহমান: আসলে ইলিশের স্বাদ-গন্ধ নির্ভর করে তার খাদ্য ও পরিবেশের ওপর। মিষ্টি পানি, কাঙ্ক্ষিত খাবার পেলে ইলিশের তলপেটে চর্বি জমে ইলিশের স্বাদ বাড়িয়ে দেয়। মূলত এই সময় ইলিশ সাগরের লবণাক্ত পানি থেকে নদীতে ফিরে আসে। ইলিশের চলার গতি ঘণ্টায় তিন কিলোমিটার। ১ দিনে তারা ৭২ থেকে ৭৪ কিলোমিটার সামনের দিকে ছুটতে পারে। এ গতিতে গভীর সাগর থেকে পদ্মা-মেঘনা কিংবা আশপাশের নদ-নদীতে পৌঁছাতে একটি ইলিশের দুই-তিন দিন সময় লেগে যায়। ফলে ক্লান্ত ইলিশের শারীরিক গঠনও অনেকটা চুপসে যায়। আবার সাগরের লোনা পানি থেকে নদীর মিঠা পানিতে পৌঁছে তার খাদ্যাভ্যাসেরও পরিবর্তন ঘটে। মিঠা পানিতে অন্তত ১৫ দিন থাকতে পারলে ইলিশের স্বাদে পরিবর্তন হয়। আশা করি, শীতেও ইলিশের স্বাদ ফিরবে।