জাটকা রক্ষায় মার্চ–এপ্রিল দুই মাস মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা রক্ষায় আগামী দুই মাস মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার
ফাইল ছবি

জাটকা রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় আগামী মঙ্গলবার (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করে একটি পরিপত্র জারি করেছে। স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা কার্যকর করতে মেঘনায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন একাধিক মৎস্য কর্মকর্তা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সরকার ঘোষিত পরিপত্রে মাছ ধরা ছাড়াও ইলিশ বা জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী ব্যক্তিদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে জেল-জরিমানা করার কথাও বলা হয়।

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করতে আগামী মঙ্গলবার থেকে তাঁর অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড অভিযান চালাবে। জেলে বা মৎস্যজীবীরা যাতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে মেঘনায় মাছ ধরতে না পারেন, সে জন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা রাখা হয়েছে। মেঘনার তীরবর্তী ষাটনল, এখলাশপুর, মোহনপুর, ছটাকী, শিকিরচর, আমিরাবাদসহ আরও কয়েকটি এলাকায় গত কয়েক দিনে জেলে ও জনপ্রতিনিধিদের নিয়ে একাধিক সচেতনতামূলক সভা করা হয়েছে। বিভিন্ন এলাকায় ব্যানার টাঙানো হয়েছে। এ ছাড়া এলাকায় একাধিকবার মাইকিং করা হয়েছে।

মনোয়ারা বেগম আরও বলেন, মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞার ফলে তাঁর উপজেলায় কর্মহীন হয়ে পড়া প্রায় ৯ হাজার জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যসহায়তা দেওয়া হবে। আগামী মার্চ ও এপ্রিলে প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি চাল দেওয়া হবে বলে জানান তিনি।