জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে চাঁদপুরে মতবিনিময় ও নৌ শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে
ছবি: প্রথম আলো

চাঁদপুরে জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা ও নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটনকেন্দ্র মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে নৌ পুলিশ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, দেশ মৎস্য সম্পদে সমৃদ্ধ হলে মানুষ তার সুফল পাবে। জাটকা না ধরায় এখন দেশে ইলিশ সহজলভ্য হয়েছে। জনগণ সচেতন হলে জাটকা, মা ইলিশসহ সব ধরনের মাছই সহজলভ্য হবে এবং দেশীয় আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

শফিকুল ইসলাম আরও বলেন, ‘আমি নৌ পুলিশে যোগদান করেছি বেশি দিন হয়নি। তবে নদীকেন্দ্রিক জেলাগুলোতে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। নৌপথে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নৌপথকে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব।’ তিনি সরকার ঘোষিত মাছ আহরণের নিষিদ্ধ সময়ে মাছ না ধরতে ও জাটকা সংরক্ষণ অভিযান-২০২২ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

জাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে নৌ পুলিশের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন নৌ পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম। আজ বুধবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটনকেন্দ্রে
ছবি: প্রথম আলো

চাঁদপুরের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শিবলী কায়সারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, ষাটনল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌস প্রমুখ। দুপুরে স্থানীয় নেতা ও জেলে সম্প্রদায়কে সঙ্গে নিয়ে তাঁরা নৌ শোভাযাত্রায় অংশ নেন এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।