জাতীয় পার্টির সাংসদের বিরুদ্ধে থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারের টিকিট কাউন্টার তছনছের ঘটনায় আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বদলগাছি থানায় গতকাল শনিবার এ জিডি করা হয়।

জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পাহাড়পুর জাদুঘরের কাউন্টার তছনছের ঘটনায় সাংসদ নুরুল ইসলাম তালুকদারসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে থানায় ওই জিডি করেছেন কাউন্টারের বুকিং সহকারী মনজুরুল হোসেন। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

পাহাড়পুর জাদুঘরের কাস্টেডিয়ান সাদেকুজ্জামান বলেন, ‘বগুড়ার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাংসদ নুরুল ইসলাম তাঁর কলেজের লোকজন নিয়ে শুক্রবার সকালে পাহাড়পুর বৌদ্ধবিহারে পিকনিক করতে আসেন। পিকনিক শেষে বিকেল সাড়ে চারটার দিকে সাংসদ গািড়তে ওঠার জন্য প্রস্তুত হন। তখন ভিআইপি ফটকটি বন্ধ ছিল। ফটকটি খুলতে একটু দেরি হওয়ায় সাংসদের লোকজন গািড় থেকে নেমে কাউন্টারের বুকিং সহকারী মনজুরুল হোসেনকে লাঞ্ছিত করেন। এ সময় সাংসদের লোকজন টিকিট কাউন্টারটিও তছনছ করেন।’

এ ব্যাপারে গত শুক্রবার সন্ধ্যায় সাংসদ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ‘ ফেরার সময় কর্মচারীরা ভিআইপি গেট খুলে দিচ্ছিল না। এতে আমার লোকজনের সঙ্গে কর্মচারীদের বাগ্‌বিতণ্ডা হয়েছে। টিকিট কাউন্টার তছনছের ঘটনা ঘটেনি।’

গতকাল শনিবার প্রথম আলোয়‘সাংসদের উপস্থিতিতে টিকিট কাউন্টার তছনছ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।