জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বৃষ্টি বাঁচতে চায়

লালনসংগীতে জাতীয় পর্যায়ে প্রথম হয় শিল্পী বৃষ্টি খাতুন (১৪)। পরে তার হাতে স্বর্ণপদক (গোল্ড মেডেল) তুলে দেন রাষ্ট্রপতি। এই বৃষ্টির ব্রেইন টিউমার হয়েছে। বৃষ্টি বাঁচতে চায়। আবারও লালনচর্চায় ডুবে থাকতে চায়।
বৃষ্টি নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কলম গ্রামের লিটন আলীর মেয়ে। সে স্থানীয় কলম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
চিকিৎসকেরা তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। চিকিৎসার জন্য দরকার ১৫ লক্ষাধিক টাকা। তবে ইতিমধ্যে স্থানীয় সাংসদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ সম্প্রতি বৃষ্টির বাসায় এসে নগদ ১ লাখ টাকা দিয়েছন। আর বাকি টাকা বৃষ্টির বাবা-মায়ের পক্ষে সংগ্রহ করা প্রায় অসম্ভব।
লিটন বলেন, কয়েক মাস ধরে বৃষ্টি শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, বমি বমি ভাব, ঘুম না হওয়া, চোখে কম দেখাসহ তীব্র মাথাব্যথার সমস্যায় ভুগছে। এ কারণে গত ৩ মে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে দেখানো হয়। পরে রাজশাহী ও ঢাকায় চিকিৎসক দেখানোর পর তাঁদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এতে বৃষ্টির ব্রেইন টিউমার ধরা পড়ে।
বৃষ্টির মা ছবেদা বেগম বলেন, ছোটবেলা থেকেই বৃষ্টির সংগীতের প্রতি খুব টান। সে আন্তপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হয়। ২০১৪ সালে মার্কস অলরাউন্ডার এনটিভির প্রোগ্রামে সারা বাংলাদেশে সেরা-৯ ছিল সে। ২০১৬ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় লালনসংগীতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। ২০১৭ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হয়ে ঢাকায় অংশ নেয়।
ছবেদা আরও বলেন, লিটনের সামান্য জায়গাজমি আছে। তবে লিটন সংসারবিরাগী। তাই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি (ছবেদা) তাঁর বাবার বাড়িতে বসবাস করেন। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মেয়ের এমন অসুখে তিনি ভেঙে পড়েছেন। ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা উঠিয়ে মেয়ের চিকিৎসক দেখানো ও পরীক্ষা-নিরীক্ষা করানো বাবদ খরচ করেছেন। এখন মেয়ের অস্ত্রোপচারের জন্য ১৫ লক্ষাধিক টাকা দরকার। এত টাকা সংগ্রহ করার সামর্থ্য তাঁর নেই।
বৃষ্টি বলে, ‘আমি বাঁচতে চাই এবং সবার দোয়া ও সহযোগিতা চাই।’
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল আহসান বলেন, ‘এ বিষয়টি জানার পর জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলাপ করেছি। বৃষ্টির চিকিৎসায় প্রশাসনিকভাবে তার পাশে দাঁড়ানো হবে।’ কেউ সহযোগিতা করলে ছবেদার সঞ্চয়ী হিসাব নম্বর-১২৮৪৫, রূপালী ব্যাংক, সিংড়া শাখা বা বিকাশ নম্বর ০১৭৩৭২৯৭৭২২ তে টাকা পাঠাতে পারেন।