জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চালু রাখার দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা কার্যক্রম চালু রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ রোববার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করেন।
মানববন্ধনে কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, করোনার কারণে প্রায় ২০ মাস সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীরা নানাভাবে হতাশ। অনেকের পরীক্ষার সময় দুই বছর অতিবাহিত হয়ে গেছে। চাকরির বয়সসীমাও চলে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যখন আশার সঞ্চার হয়েছিল, তখন আবার বন্ধের ঘোষণায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক—সবাই উদ্বিগ্ন।
অফিস, মেলাসহ সবকিছু চললেও কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রসঙ্গ তুলে শিক্ষার্থীরা বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের এটা একটা ষড়যন্ত্র। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিয়েছেন। স্বাস্থ্যবিধির ব্যাপারে তাঁরা সচেতন। তাই এক সপ্তাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার রুটিন প্রকাশ করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নাসিম চৌধুরী, দ্বীপাল ভট্টাচার্য, সোহানুর রহমান, শামিম আহমেদ, তোফাজ্জল হোসেন প্রমুখ।