জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা কার্যক্রম চালু রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। এতে কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, মেলা-খেলা সবই চলছে। কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, পরীক্ষা বন্ধ। দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের এটা একটা ষড়যন্ত্র। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিয়েছেন। স্বাস্থ্যবিধির ব্যাপারে তাঁরা সচেতন। তাই এক সপ্তাহের মধ্যে স্থগিত করা পরীক্ষাগুলোর আবার রুটিন প্রকাশ করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে বক্তৃতা করেন কলেজটির শিক্ষার্থী নাসিম চৌধুরী, দ্বীপাল ভট্টাচার্য, সোহানুর রহমান, শামীম আহমেদ, সাজিদুল ইসলাম, আমিরুল ইসলাম, মাজহারুল ইসলাম, সাব্বির আহমদ, আসিফ বিল্লাহ প্রমুখ।