জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম চালু রাখার দাবিতে সুনামগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের প্রতীকী পরীক্ষা কর্মসূচি।
ছবি: প্রথম আলো

করোনাভাইরাস মহামারি কারণে বন্ধ হয়ে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমা দেন তাঁরা। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতীকী পরীক্ষা দেন তাঁরা।

শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে প্রায় ২০ মাস সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীরা হতাশ। অনেকের পরীক্ষার সময় দুই বছর হয়ে গেছে। চাকরির বয়সসীমাও চলে যাচ্ছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যখন আশার সঞ্চার হয়েছিল, তখন আবার বন্ধের ঘোষণায় শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক সবাই উদ্বিগ্ন।

শিক্ষার্থীরা বলেন, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, মেলা, খেলা সবই চলছে, কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের এটা একটা ষড়যন্ত্র। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। শিক্ষার্থীরা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিয়েছেন। স্বাস্থ্যবিধির ব্যাপারে সচেতন। তাই এক সপ্তাহের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার রুটিন প্রকাশ করে স্বাস্থ্যবিধি মেনে সব পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।