জাদু, নৃত্য ও গানে জমজমাট গণিত জয়ের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের মাঠে গতকাল আঞ্চলিক গণিত উৎ​সবে অতিথিদের কাছে প্রশ্ন করে এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো
ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের মাঠে গতকাল আঞ্চলিক গণিত উৎ​সবে অতিথিদের কাছে প্রশ্ন করে এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো

দুটি সাদা কাগজে যোগ চিহ্ন দিয়ে পরপর বিভিন্ন সংখ্যা লেখা। কিন্তু যোগফলের ঘর ফাঁকা। কাগজ দুটিতে আগুন ধরিয়ে স্টিলের একটি বাক্সের ভেতর ঢুকিয়ে মিনিট তিনেক পোড়ানো হলো। ধোঁয়া দেখা যাওয়ার পাশাপাশি কাগজ পোড়ারও গন্ধ বেরোল। কিন্তু জাদুশিল্পী মো. আনিছ বাক্সটি খুলতেই বের হয়ে এল যোগফলসহ চকচকে ওই কাগজগুলো। আর তা দেখে বিস্মিত খুদে গণিতবিদদের সেকি উল্লাস!
শুধু আনিছের জাদুই নয়, গণিতের ভয় জয় করতে আসা নবীন শিক্ষার্থীদের চমৎকৃত করতে আরও ছিল বিশিষ্ট অতিথিদের কাছে মজার ও বুদ্ধিদীপ্ত প্রশ্নের পর্ব, নৃত্য ও গান। ময়মনসিংহ বন্ধুসভার বন্ধু মিরাজ সরকার ও পুষ্পিতা তাহসীন গান শোনান। আর সিথী সাহা পরিবেশন করেন নৃত্য। সব মিলিয়ে গতকাল বুধবার দিনভর ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের মাঠ ছিল উৎসবে মুখর।
সকাল সাড়ে নয়টায় ‘গণিত শেখো স্বপ্ন দেেখা’ স্লোগান নিয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে ‘ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব’-এর ময়মনসিংহ অঞ্চলের আয়োজন উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। তিনি জাতীয় সংগীতের সময় জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিঞা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির এবং ডাচ্ বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. শামছুজ্জামান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।
উদ্বোধন পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, ‘যে ছাত্র গণিতে ভালো সে জীবনের সব ক্ষেত্রেই সহজে উতরে যেতে পারে। গণিত ছাড়া কোনো কিছু আবিষ্কারও সম্ভব নয়। কারণ, এর মাধ্যমেই সব হিসাব মেলাতে হয়। তাই তোমাদের গণিতকে ভয় করলে চলবে না।’
ময়মনসিংহ অঞ্চলের গণিত উৎসবে ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ ও জামালপুর জেলার প্রায় ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী চারটি শ্রেণিতে অংশ নেয়। উদ্বোধন পর্বের পর শিক্ষার্থীরা ১ ঘণ্টা ১৫ মিনিটের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা শেষ হলে একদিকে চলে উত্তরপত্র মূল্যায়নের কাজ। অন্যদিকে মঞ্চে তখন চলে জাদু, নৃত্য, গান এবং খুদে গণিতবিদদের অংশগ্রহণে জমজমাট প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠান। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলমগীর মনসুর কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায়, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, আনন্দ মোহন সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম এবং প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন আনন্দ মোহন সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান, একই কলেজের শিক্ষক স্বপন দাস এবং প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিঞা। মুনির হাসান উপস্থিত শিক্ষার্থীদের মাদক সেবন, মুখস্থ বিদ্যা এবং মিথ্যাকে ‘না’ ঘোষণার শপথ করান। শিক্ষার্থীদের মধ্যে গণিত সম্পর্কে ভীতি দূর করতে তিনি নানা উদ্দীপনামূলক গল্প শোনান।
বেলা তিনটায় অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক শ্রেণিতে ১২ জন, নিম্নমাধ্যমিকে ২২, মাধ্যমিকে ১৫ এবং উচ্চমাধ্যমি শ্রেণিতে ১১ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেন।
ময়মনসিংহের এ গণিত উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা। বন্ধুসভার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি তাহমিনা শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার বন্ধু নাহিদ মন্ডল।