চট্টগ্রামে নওগাঁর অতিরিক্তি জেলা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদকে (৪৭) জানাজা শেষে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আজ বুধবার বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, মুখ্য মহানগর হাকিমসহ আদালতের বিচারকগণ এবং জেলা আইনজীবী সমিতির নেতারাসহ প্রায় পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করেন বলে জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুর রশিদ। তিনি বলেন, বিচারকের লাশ জানাজা শেষে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সকালে লাশের ময়নাতদন্ত ও সুরতহাল করা হয়। নগরের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, লাশের সুরতহালে মাথায় ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তও শেষ হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা থানায় এসে পৌঁছলে মামলা রেকর্ড করা হবে।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী স্বীকার করেছেন, স্ত্রী দাবিদার সানজিদা আক্তারের সঙ্গে বিচারকের হালিশহরের ওই বাসায় তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিচারক নিজের মাথায় আঘাত করে দরজা বন্ধ করে রুমে বসে থাকেন। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে তাঁরা দেখেন রুমের ভেতর জানালার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বিচারক। পরে তাঁরা হাসপাতালে নিয়ে যান।
উল্লেখ্য, নগরের হালিশহর মোল্লাপাড়া এলাকার একটি বাসায় বিচারক কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ আত্মহত্যা করেছেন দাবি করে দুই নারী তাঁকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিত্সক বিচারককে মৃত ঘোষণা করেন। পরে পুলিশের সন্দেহ হলে সানজিদা আক্তার ও লাকী আক্তার নামের দুই নারীকে আটক করে পুলিশ হাসপাতাল থেকে।