জানালা ভেঙে পালিয়ে গেল ধর্ষণ মামলার দুই আসামি
নোয়াখালীর সোনাইমুড়ী থানার ধর্ষণ ও নারী নির্যাতন মামলার কয়েকজন আসামিকে ঢাকায় নেওয়া হয়েছিল ডিএনএ পরীক্ষার জন্য। নমুনা দিয়ে ফেরার পথে মুন্সিগঞ্জের গজারিয়ার একটি রেঁস্তোরায় বিরতি দেয় পুলিশ। এসময় রেঁস্তোরার টয়লেটের জানালা ভেঙে পালিয়ে যান দুই আসামি। বুধবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বরত তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া দুই আসামি হলেন– সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বাট্টা গ্রামের ছান মিয়ার ছেলে জুয়েল (২৪) ও বগাদিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে দেলোয়ার হোসেন (২৮)।
এ ঘটনায় সোনাইমুড়ী থানার এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে বুধবার রাতেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে সোনাইমুড়ী থানার দুটি ধর্ষণ ও নারী নির্যাতন মামলার তিন আসামি ও দুই ভুক্তভোগীকে ডিএনএ পরীক্ষার নমুনা দেওয়ার জন্য বুধবার সকালে ঢাকায় নেওয়া হয়। মালিবাগে সিআইডি কার্যালয়ে নমুনা দেওয়ার পর নোয়াখালীতে ফিরিয়ে আনা হচ্ছিল তাঁদের। দুপুরে খাওয়ার জন্য মুন্সিগঞ্জের গজারিয়া থানার হাইওয়ে সড়কের পাশের একটি রেঁস্তোরায় বিরতি দেন সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদের নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা।
রেঁস্তোরায় খাওয়া শেষে দুই আসামি জুয়েল ও দেলোয়ার টয়লেটে যাওয়ার কথা বলেন। এ সময় পরিদর্শক জিসানসহ পুলিশ সদস্যরা টয়লেটের দরজার সামনে দাঁড়িয়ে থেকে দুই আসামিকে টয়লেটের ভেতরে যাওয়ার সুযোগ দেন। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও আসামিরা টয়লেট থেকে বের না হওয়ায় দরজার সামনে দাঁড়ানো পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁরা দরজা খুলে দেখেন আসামিরা টয়লেটের পেছনের জানালা ভেঙে পালিয়ে গেছেন।
বুধবার রাতে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম ধর্ষণ মামলার দুই আসামির পালিয়ে যাওয়া ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে গজারিয়া থানার পুলিশ অভিযান শুরু করেছে।
এ বিষয়ে শহীদুল ইসলাম আরও বলেন, ঘটনার সময় দায়িত্বপালন করা পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন, কনষ্টেবল আবদুল কুদ্দুস ও আসমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া পরিদর্শক জিসান আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।