আগামী জানুয়ারির মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন আইনজীবীরা। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিলউদ্দিন চৌধুরী, হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব শংকর প্রসাদ দে ও প্রধান সমন্বয়কারী কাশেম কামাল প্রমুখ।
কফিলউদ্দিন চৌধুরী বলেন, ‘সম্প্রতি সিলেট বারে এক অনুষ্ঠানে চট্টগ্রাম ও সিলেটে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে কথা বলেছেন মাননীয় প্রধান বিচারপতি। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই জানুয়ারির মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চের কার্যক্রম শুরু হোক। এতে চট্টগ্রামের হাজারো মানুষের দুর্ভোগ কমবে। ঢাকায় গিয়ে ভুক্তভোগীদের মামলা চালাতে হবে না।’
হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল হাশেম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ১৯৮২ সালের ১১ মে চট্টগ্রাম, রংপুর, যশোর, বরিশাল, কুমিল্লা ও সিলেটে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠিত হয় সামরিক ফরমানের ৪-এ ধারায়। সংবিধান পুনরুজ্জীবিত হলে সাংবিধানিক সংকট দেখা দেবে—এ কারণে সংবিধানে স্থায়ী বেঞ্চের বিধান নেই, আছে সার্কিট বেঞ্চের বিধান। এরশাদ সরকার এ কারণে ১৯৮৬ সালের ১৭ জুন সামরিক ফরমানের ৪-এ ধারা সংশোধন করে স্থায়ী ছয়টি বেঞ্চকে সার্কিট বেঞ্চে রূপান্তরিত করে।
সংবাদ সম্মেলনে হাশেম বলেন, ১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর আপিল বিভাগের ৩-১ সংখ্যাগরিষ্ঠ রায়ের ফলে অষ্টম সংশোধনীর হাইকোর্ট বিকেন্দ্রীকরণ-সংক্রান্ত অনুচ্ছেদের ২-ক আংশিক বাতিল হয়ে যায়। ওই রায়ের প্রধান যুক্তি ছিল বাংলাদেশ একটি একক রাষ্ট্র। রাষ্ট্রের রাজধানীতে উচ্চ আদালত ব্যতীত স্থায়ী বেঞ্চ একাধিক হওয়ার সুযোগ নেই। যদিও তৎকালীন বিচারপতি এ টি এম আফজাল সংখ্যাগরিষ্ঠ ওই সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়ে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের উদাহরণ তুলে ধরে বলেছিলেন, জনস্বার্থে একক রাষ্ট্র হলেও একাধিক জায়গায় হাইকোর্ট স্থাপন সঠিক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল হাশেম বলেন, ঢাকাকেন্দ্রিক আইনজীবীরা তাঁদের স্বার্থে হাইকোর্টের বেঞ্চ বিকেন্দ্রীকরণে বাধা দিচ্ছেন। অথচ হাইকোর্টের অ্যাডমিরালটি বেঞ্চে প্রায় ১৫ হাজার মামলা বিচারাধীন রয়েছে। বেশির ভাগ মামলা চট্টগ্রামের। বন্দর, কাস্টমস ও শিপিং এজেন্ট প্রতিনিধিরা এসব মামলা শুনানি করার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় যান।
হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল হাশেম বলেন, ‘দুটি অ্যাডমিরালটি বেঞ্চসহ আরও বেঞ্চ চট্টগ্রামে করা হোক। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভোগান্তি লাঘবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি চট্টগ্রামে সার্কিট বেঞ্চ চালুর ব্যাপারে ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।’