জাপা ক্ষমতায় থাকলে মানুষ ভালো থাকে: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। গতকাল শনিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গোতামারী ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল কাশেম মিয়ার পক্ষে বিভিন্ন উঠান বৈঠক করেন।

ওই নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণবিষয়ক যুগ্ম সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্যসচিব রোকনউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ এম জি মোস্তাফা, জেলা কমিটির সহসভাপতি এস কে খাজা মইনুদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব মিজানুর রহমান প্রমুখ।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টির আমলে দেশে দুর্নীতি ছিল না। অথচ এরশাদ ক্ষমতা ছাড়ার পর থেকে বাংলাদেশ পাঁচ-ছয়বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৯১ সাল থেকে শুরু করে পরবর্তী সরকারগুলো জাতীয় পার্টিকে বারবার ধ্বংসের চক্রান্ত করেছে। কিন্তু দেশের জনগণের ভালোবাসায় আজও জাতীয় পার্টি টিকে আছে, থাকবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশ দুর্নীতিমুক্ত হবে, মানুষ সুখ-শান্তিতে থাকবে।

লালমনিরহাটে বিলুপ্ত ৫৯টি ছিটমহলযুক্ত আটটি ইউপিতে ৩১ অক্টোবর নির্বাচন হবে। এগুলো হচ্ছে সদর উপজেলার কুলাঘাট, হাতীবান্ধার গোতামারী ও পাটগ্রাম সদর, বুড়িমারী, শ্রীরামপুর, জগতবেড়, জোংড়া ও কুচলিবাড়ি ইউনিয়ন। ১৩ অক্টোবর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এরপর থেকে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।