জাপা নেতার বিরুদ্ধে ফেসবুক পোস্টের পাঁচ মাস পর মামলা, যুবক গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ উপজেলার গোজাখালীকান্দা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা গ্রামের শমেস আলীর ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন গত ৩১ মার্চ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান আজাদের বিরুদ্ধে তাঁর ফেসবুক আইডি থেকে একটি লেখা পোস্ট করেন। এ ঘটনায় ২৪ আগস্ট ওয়াহিদুজ্জামান পূর্বধলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় পুলিশ গতকাল রাত ৯টায় তাঁকে গ্রেপ্তার করে।
ওয়াহিদুজ্জামান আজাদ বলেন, জসিম উদ্দিন তাঁর নামে মানহানিকর, কুরুচিপূর্ণ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক লেখা নিজস্ব আইডিতে পোস্ট করেছেন। বিষয়টি ২৪ আগস্ট নজরে এলে ওয়াহিদুজ্জামান ওই দিন সন্ধ্যায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
পুলিশ হেফাজতে থাকায় এ নিয়ে অভিযুক্ত জসিম উদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার জসিম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।