জাফলং ঘুরে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু
ঢাকা থেকে তিনটি মোটরসাইকেলে করে ছয় বন্ধু সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছিলেন। জাফলং ঘুরে সিলেটে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই বন্ধু হলেন ইউসুফ আলী (২৮) ও সোহেল মিয়া (২৫)। ইউসুফ আলী চাঁদপুর জেলা সদরের রঘুনাথপুর গ্রামের মো. রহমত উল্লাহর ছেলে ও সোহেল মিয়া ভোলা জেলার বোরহানউদ্দিন গ্রামের কামাল মিয়ার ছেলে। গত বুধবার তাঁরা ঢাকা থেকে সিলেটে গিয়েছিলেন। আজ শুক্রবার সিলেটের জাফলং ঘুরে ঢাকায় ফেরার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ, সোহেলসহ ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে করে বুধবার সিলেটে আসেন। বুধ ও বৃহস্পতিবার সিলেটে রাত কাটান। আজ তাঁরা জাফলং ভ্রমণ শেষে সিলেটের দিকে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে গোয়াইনঘাট ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।