জাফলংয়ে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাটে পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মাহিদুল ইসলাম (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে
ছবি: প্রথম আলো

সিলেটের গোয়াইনঘাটে পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মাহিদুল ইসলাম (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি নরসিংদী সদরের বাগহাটা এলাকার দেলোয়ার মৃধার ছেলে।

গতকাল মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে সিলেটের জাফলংয়ে বেড়াতে যান মাহিদুল ইসলাম। গতকাল বেলা দুইটার দিকে জাফলংয়ের জিরো পয়েন্টে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যান তিনি। গতকাল সন্ধ্যার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর স্বজন ও ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, মাহিদুলসহ ১২ জন আত্মীয়স্বজন গতকাল সকালে নরসিংদী থেকে জাফলংয়ে বেড়াতে যান। দুপুরের দিকে মাহিদুলসহ চারজন জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে মাহিদুল নিখোঁজ হন।

খবর পেয়ে জাফলং জোনের ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানার পুলিশ, বিজিবি ও সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাহিদুলের মরদেহ উদ্ধার করেন।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মাহিদুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।