জাফলংয়ের সোনাটিলায় বন বিভাগের ২৫ একর জায়গা উদ্ধার করে বৃক্ষরোপণ
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের সোনাটিলা এলাকা দখলমুক্ত করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ছয় ঘণ্টা অভিযান হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বন বিভাগের এই অভিযানে ২৫ একর জায়গা দখলমুক্ত করে পাঁচ হাজার বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
বন বিভাগ জানায়, প্রায় ৫০ একর জায়গার সোনাটিলার একটি অংশে ‘মহাজির’ (উদ্বাস্তু) দখল ছিল এবং আদালতে মামলাও ছিল। সম্প্রতি উচ্চ আদালত থেকে বন বিভাগের পক্ষে রায় হলে সোনাটিলা দখলমুক্ত করার অভিযান চালানো হয়।
লালচে মাটির টিলা। খোঁড়াখুঁড়ি করলেই বেরোয় লালচে পাথর। এ জন্য টিলাটি ডাকা হয় ‘সোনাটিলা’ নামে। জাফলংয়ের এই সোনাটিলা যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে পাথর উত্তোলনের পর অনেকটা সমতল হয়ে পড়েছে। তামাবিল শুল্ক বন্দর থেকে আমদানি করা পাথর সোনাটিলায় ডাম্পিং করার কাজে ব্যবহার করত পাথর ব্যবসায়ীদের একটি দল। এই দখল রক্ষায় আবার বিভিন্ন স্থাপনাও ছিল।
সোনাটিলায় নয়টি পাথর ভাঙার কলের স্থাপনা ও ৩৪টি পরিবারের বসবাস রয়েছে। বসবাসকারী কয়েকজন বলেছেন, যাঁদের দখল থেকে তাঁরা জায়গা কিনেছেন, তাঁদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বন বিভাগের সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ২৫ একর জায়গায় পাথর ফেলে রাখা হয়েছিল। আরও কিছু জায়গায় বিভিন্ন স্থাপনা ছিল। এসব স্থাপনা থেকে লোকজনকে সরানো হয়। এরপর বন বিভাগের জায়গা থেকে ডাম্পিং করা ২০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চলে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সোনাটিলায় গর্ত করে পাথর উত্তোলন চলছিল ২০১১ সাল থেকে। গর্ত ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনাও ঘটে। এ নিয়ে প্রথম আলোয় একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশের পর ওই বছরের ১৬ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তর থেকে অভিযান চালানো হয়। এর পর থেকে সেখানে পাথর উত্তোলন বন্ধ হলেও দখল তৎপরতা শুরু হয়।
সোনাটিলায় নয়টি পাথর ভাঙার কলের স্থাপনা ও ৩৪টি পরিবারের বসবাস রয়েছে। বসবাসকারী কয়েকজন বলেছেন, তাঁরা সোনাটিলার দখলদারের কাছ থেকে জমি কিনে সেখানে বসবাস করছেন। যাঁদের দখল থেকে তাঁরা জায়গা কিনেছেন, তাঁদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ জন্য তাঁরা উচ্ছেদ অভিযান চলাকালে সোনাটিলায় অবস্থান নিয়ে প্রতিবাদও জানান।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সোনাটিলার পুরোটা এখন বন বিভাগের নিজস্ব ভূসম্পত্তি। সেখানে মহাজির ও দুস্থ কিছু পরিবার বসবাস করছে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার নয়টি পরিবারও আছে। অভিযান চলাকালে তারা জায়গা কিনে বসবাস করার বিষয়টি জানালে তাদের পুনর্বাসন করার আশ্বাস দেওয়া হয়।
ইউএনও বলেন, বীর মুক্তিযোদ্ধা পরিবারকে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন করা যায় কি না, তা বিবেচনা করা হবে। আর মহাজিররা যেহেতু মামলায় হেরে গেছে, তাদের সেখান থেকে সরে যেতে হবে।