জাবিতে নতুন প্রশাসনিক ভবন না করাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। বৃহস্পতিবার দুপুরে মুরাদ চত্বর থেকে মিছিলটি বের করা হয়
ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন আরেকটি প্রশাসনিক ভবন না করে একাডেমিক ভবন নির্মাণ এবং বিদ্যমান কেন্দ্রীয় গ্রন্থাগার রেখে আলাদাভাবে নতুন করে গ্রন্থাগার নির্মাণসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’–এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিল বের করে তারা। মিছিলটি কয়েকটি সড়ক ও একাডেমিক ভবন ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এর আগে গত মঙ্গলবার একই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনকারীরা।

তাঁদের অন্য দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ে চলমান ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের মহাপরিকল্পনা সংশোধন, শিক্ষকদের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনগুলো ভেঙে সেখানে বেতনকাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নতুন ভবন নির্মাণ এবং প্রকল্পের ব্যয়ের স্বচ্ছতা ও মান নিশ্চিতে তদারক কমিটি গঠন।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ১০ বছর ধরে কোনো অবকাঠামো পায়নি। এই অনুষদের শিক্ষকেরা অন্য বিভাগের ধার করা কক্ষে ভাগাভাগি করে বসেন। শিক্ষার্থীরা ক্লাস করেন জহির রায়হান মিলনায়তনের কক্ষে। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক কোনো ল্যাবরেটরি নেই। এই বিভাগে শিক্ষার্থীদের নেই কোনো শৌচাগারও। এ রকমভাবে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটগুলোয় বিভিন্ন সমস্যা আছে।

অহেতুক আরেকটি প্রশাসনিক ভবন নির্মাণ না করে এসব বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হক বলেন, ‘বিদ্যমান নতুন প্রশাসনিক ভবনটি পূর্ণাঙ্গ নয়—আগে এটি সম্পূর্ণ করতে হবে। মিথ্যাচার করে ডিপিপিতে মাত্র একটি প্রশাসনিক ভবনের উল্লেখ করে তৃতীয় প্রশাসনিক ভবনের জন্য ১৩৭ কোটি টাকা নতুনভাবে অপচয়ের পাঁয়তারা ভালো হবে না। সব অংশীজনের মতামতের ভিত্তিতে নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে আমরা বারবার বলেছি। আমরা অনুরোধ করব, শিক্ষার্থীদের মতামতের প্রধান্য দিন। লাইব্রেরি ভবন করেন, কিন্তু এটি ভেঙে নয়। দুটি লাইব্রেরি থাকলে সমস্যা থাকার কথা নয় কোনো। এত ভাঙা-গড়ায় আগ্রহ কেন প্রশাসনের।’

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র আন্দোলনের সহসাধারণ সম্পাদক সুদীপ্ত দে, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী প্রমুখ।