জাবিতে মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে দুজনকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাই
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়কের সিঅ্যান্ডবি মোড় থেকে ছিনতাইকারী সন্দেহে তাঁদের আটক করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের অতিথিকক্ষে নিয়ে তাঁদের মারধর করা হয়।

ওই দুজন হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জের মো. নবাব (২১) ও ঢাকার ধামরাইয়ের মো. দেলোয়ার (২৫)। তাঁরা সাভারের নবীনগর এলাকায় বাস করেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি মোড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে একটি মুঠোফোন ছিনিয়ে নেন নবাব ও দেলোয়ার। পরে কয়েকজন শিক্ষার্থী মিলে তাঁদের ধরে ফেলেন। এরপর নবাব ও দেলোয়ারকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের অতিথিকক্ষে নিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় দেলোয়ার ও নবাব মুঠোফোনটি ফেরত দেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বলেন, মীর মশাররফ হোসেন হলসংলগ্ন এক নিরাপত্তাপ্রহরী ঘটনাটি জানালে সেখানে যান তিনি। পরে ছিনতাইকারীদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, রুবেল ও রনি নামের দুই ব্যক্তির ছত্রচ্ছায়ায় তাঁরা দীর্ঘদিন ধরে এই এলাকায় ছিনতাই করে আসছেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিনের উপস্থিতিতে ওই দুজনকে সাভার থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ওই দুজন হেরোইনসেবী। বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল (সোমবার) আদালতে চালান করা হবে।