জামাতা প্রার্থী, শ্বাশুড়ি না পারছেন ভোট দিতে, না পারছেন কেন্দ্র ছাড়তে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন এস এম মোজাম্মেল হক। প্রতীক লাটিম। জামাতাকে ভোট দিতে শহরের আদর্শ স্কুল নারী কেন্দ্রে এসেছেন তাঁর শাশুড়ি ফরিদা ইয়াসমিন। তবে আঙুলের ছাপ না মেলায় আজ রোববার সকাল থেকে বারবার চেষ্টা করেও তিনি ভোট দিতে পারেননি। আবার জামাতাকে ভোট না দিয়ে তিনি বাড়িও যেতে পারছেন না।
আদর্শ স্কুল নারী কেন্দ্রে দেখা গেল, ফরিদা ইয়াসমিন তিন দফা চেষ্টা করেও আঙুলের ছাপ মেলাতে পারেননি। একটা নিশ্চিত ভোটের জন্য উদ্বিগ্ন প্রার্থী মোজাম্মেল হক প্রিসাইডিং কর্মকর্তাকে কিছু একটা করার অনুরোধ করছিলেন। একপর্যায়ে পোলিং কর্মকর্তাকে নিজের আঙুলের ছাপ দিয়ে ভোটটি নেওয়ার নির্দেশ দেন। পোলিং কর্মকর্তা তখন আঙুলের ছাপ দিয়ে ভোট দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু তাঁর আঙুলের ছাপও নিচ্ছিল না।
পোলিং কর্মকর্তা বলেন, নিজের আঙুলের ছাপ দিয়ে ৩-৪টা ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। এখন আর কাজ হচ্ছে না।
ফরিদা ইয়াসমিনকে দুপুরেও কেন্দ্রে অবস্থান করতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ও জামাতা।
এই কেন্দ্রে এর আগেও আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে না পারার একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল। তখন কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্য হাত ধুয়ে আসার পরামর্শ দিয়েছিলেন ভোটারদের। হাত ধুয়ে, জেল মেখেও আঙুলের ছাপ মেলাতে না পেরে অনেক ভোটার ভোট না দিয়ে ফিরে গেছেন।
এদিকে একই কেন্দ্রে নাতির সঙ্গে এসেছিলেন রশিয়া বেগম। তাঁর আঙুলের ছাপও মিলছিল না। বারবার হাত ধুয়ে, ভেসলিন মাখিয়েও কাজ হয়নি। আধা ঘণ্টা সেখানে থেকে তিনি ভোট না দিয়েই চলে যান। তিনি বলেন, ‘অসুস্থ মানুষ আর কত থাকব?’