জামায়াতের সাবেক সাংসদ সাখাওয়াত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের জামায়াতের সাবেক সাংসদ মাওলানা সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনূস আলী প্রথম আলোকে বলেন, রাজধানীর উত্তরখানের মাস্টারপাড়া শাহী মসজিদের কাছে ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দেড় মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে তিনি গা ঢাকা দিয়েছিলেন। এর আগে কিছুদিন উত্তরা এলাকায় আত্মগোপন করেছিলেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি যশোর-৬ থেকে নির্বাচন করে বিজয়ী হন। কিন্তু পরে তিনি দল বদল করে বিএনপিতে যোগ দেন। এরপর ’৯৬ সালের নির্বাচনে হেরে যান। এরপর তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।