জামালপুর থেকে অপহৃত নারীকে ৫ মাস পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর এলাকা থেকে অপহৃত এক নারীকে বুধবার রাতে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রায় পাঁচ মাস আগে একদল দুর্বৃত্ত তাঁকে অপহরণের পর অন্যত্র বিক্রি করে দিয়েছিল।
এ বিষয়ে বৃহস্পতিবার বেলা একটার দিকে জামালপুর পিবিআই পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন।
পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন বলেন, ওই নারীর (২৫) বাবার সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে চলতি বছরের ১০ এপ্রিল ওই নারীর বাবার বাড়িতে হামলা হয়।
একপর্যায়ে হামলাকারীরা ওই নারীর মুখ ওড়না দিয়ে বেঁধে তুলে নিয়ে যায়। এরপর ওই নারীকে একটি চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। চক্রটি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে তাঁকে আটকে রাখে। ওই নারীকে কয়েকটি চক্রের কাছে বিক্রি করা হয়েছিল। তাঁকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।
সালাহ উদ্দীন আরও বলেন, মেয়ের সন্ধান না পেয়ে ওই নারীর বাবা ২৮ জুন আদালতে একটি মামলা করেন। আদালত প্রথমে মামলা তদন্তের নির্দেশ দেন জামালপুরের গোয়েন্দা শাখাকে (ডিবি)। তারা ওই নারীকে উদ্ধার করতে পারেনি। ফলে আদালত মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করেন। পিবিআইয়ের পরিদর্শক মো. জয়নাল আবেদীনকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। একপর্যায়ে ওই নারীর অবস্থান চিহ্নিত করা হয়। কিন্তু চক্রটি ঘন ঘন স্থান পরিবর্তন করছিল। ফলে ওই নারীকে উদ্ধার করা কঠিন হয়ে যাচ্ছিল।
বুধবার রাতে পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই নারীকে উদ্ধার করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা নারীকে রেখে পালিয়ে যায়।
সালাহ উদ্দীন বলেন, দীর্ঘদিন ওই নারীকে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ফলে ওই নারী একরকম অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। চক্রের সব সদস্যের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হবে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার পর জবানবন্দির জন্য আদালতে হাজির করা হবে।