জামালপুর হাসপাতালে শয্যার চেয়ে তিন গুণ বেশি ডায়রিয়ার রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ৭২ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

কয়েক দিনের তীব্র গরমে জামালপুরে ডায়রিয়ার রোগী বেড়েই চলেছে। আজ বুধবার ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরের প্রধান সরকারি হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। প্রতি ঘণ্টায় প্রায় তিনজন করে রোগী ভর্তি হচ্ছেন।

জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ৭২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ধারণক্ষমতার চেয়ে তিন গুণ বেশি রোগী ভর্তি আছেন। আক্রান্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকই শিশু। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। শয্যা খালি না থাকায় মেঝেতে রেখেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের চারতলায় ডায়রিয়া ওয়ার্ড রোগীতে ঠাসা। শয্যা না থাকায় কেউ কেউ মেঝেতে বিছানা পেতে ঠাঁই নিয়েছেন। ওয়ার্ডের রোগীর স্বজনদের ভিড়।

সবুজা বেগম নামের এক নারী হাসপাতালের মেঝেতে বিছানা পেতেছেন। তিনি সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভালুকা গ্রামের বাসিন্দা। দুই দিন থেকে তাঁর ডায়রিয়া। বেশি অসুস্থ হয়ে পড়ায় তাঁর স্বামী কুরবান আলী তাঁকে আজ সকালে হাসপাতালে ভর্তি করিয়েছেন। কুরবান বলেন, সোমবার হঠাৎ করে ইফতারের পর থেকে তাঁর পাতলা পায়খানা শুরু হয়। অনেক ওষুধপত্র খাওয়ানোর পরও ভালো হচ্ছিল না। তাই শেষ পর্যন্ত হাসপাতালে এনেছেন। কিন্তু কোনো শয্যা নেই। তাই মেঝেতেই বিছানা করা হয়েছে।

জামালপুর পৌর শহরের চন্দ্রা এলাকার সাদিয়া আক্তার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন। চার দিন ধরে তিনি অসুস্থ। যূথী বেগম নামের আরেক নারী তাঁর পাঁচ মাস বয়সী শিশুসন্তানকে ভর্তি করিয়েছেন। যূথী বলেন, এক সপ্তাহ ধরে তাঁর সন্তানকে স্যালাইন ও ওষুধ খাওয়ানো হচ্ছিল। কিন্তু কোনো উন্নতি নেই। ফলে আজ সকালে হাসপাতালে নিয়ে এসেছেন।

চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, গত বছর এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি ছিল না। তবে চলতি বছর ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়েছে। মাত্রাতিরিক্ত গরমের জন্যই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সেই সঙ্গে রোজায় রাস্তার পাশ থেকে বাইরের ইফতারি খাওয়ার কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা আছে ২৪টি। বুধবার ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। ওই সময় পর্যন্ত হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি ছিলেন, যা শয্যার তুলনায় তিন গুণ বেশি। এর মধ্যে ৩৩ জন শিশু। রোগীদের অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকার রোগীরাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত জ্যেষ্ঠ নার্স সাফিয়া আক্তার প্রথম আলোকে বলেন, কয়েক দিনে ডায়রিয়া রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। রোগীদের সামলাতে গিয়ে নিজেদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কয়েকজন নার্স ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ২৪ শয্যার ধারণক্ষমতায় এত জন রোগীকে চিকিৎসা দেওয়া অনেক বেশি কঠিন। শয্যা না থাকায় এক বিছানায় দুজন করেও রাখা হচ্ছে। অনেককে আবার মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী সামলাতে অন্য ওয়ার্ড থেকে নার্সকে আনা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ বি এম শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, অন্য বছরের তুলনায় এবার রোগীর সংখ্যা একটু বেশি। কারণ, একদিকে গরম আরেক দিকে রোজা চলছে। মানুষ ভাজাপোড়া ও রাস্তার পাশে থাকা ইফতারসামগ্রী কিনে খাচ্ছেন বেশি। ফলে ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়া মূলত পানি ও খাদ্যবাহিত রোগ। ফলে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে সবাইকে। হাত সব সময় জীবাণুমুক্ত রাখতে হবে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা আছে। রোগীরা এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন।

জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে। সব চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ডায়রিয়া মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। স্যালাইনসহ সব ধরনের ওষুধপত্র পর্যাপ্ত মজুত আছে।