জামালপুরে অন্যের জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার জংগলপাড়া এলাকার এক ব্যক্তির প্রায় ২০ শতক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে উপজেলার জংগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে শুনেছি। সমাধানের জন্য রোববার (আজ) দুই পক্ষকে তাঁদের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি। কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, জংগলপাড়া এলাকার বাসিন্দা ও হোসেনপুর বায়তুন নূর জামে মসজিদের ইমাম মো. নূরুল ইসলাম এবং তাঁর দুই ভাই মো. আব্বাস আলী ও আলফাজ আলী পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া প্রায় ২০ শতক জমিতে চাষাবাদ করে আসছিলেন। চার মাস ধরে দিয়াবাড়ী গ্রামের মো. রুহুল আমীনসহ একটি চক্র জমিটি তাদের বলে দাবি তোলে। বিষয়টি নিয়ে দুই মাস আগে স্থানীয়ভাবে একটি সালিস বৈঠকও হয়। এতেও কোনো সমাধান হয়নি। এরপর শুক্রবার বিকেলে মো. রুহুল আমীনের নেতৃত্বে প্রায় ৫০ জন লোক জমিটি দখল করে নেন।

মো. নূরুল ইসলাম বলেন, ‘পৈতৃক হিসেবে বাবা জমিটিতে চাষাবাদ করতেন। প্রায় ৩৫ বছর আগে বাবা মারা যান। এরপর থেকে আমরা চাষাবাদ করে আসছি। হঠাৎ করে চক্রটি জমির কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে তাদের বলে দাবি করে। শুক্রবার মো. রুহুল আমীনের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল জমিটি দখল করে নেয়। ভয়ে আমরা বাধাও দিতে সাহস পাইনি। বিষয়টি থানায় জানানো হয়েছে।’

মো. রুহুল আমীন বলেন, ‘জমিটি আমার পৈতৃক সম্পত্তি। এত দিন বেদখল হয়ে ছিল। আমার জমি শুধু দখলে নিয়েছি। তাঁদের যদি জমির কাগজপত্র থাকে এবং সামাজিকভাবে তাঁরা তা দেখাতে পারেন, তাহলে জমি ছেড়ে দেব।’