জামালপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত
জামালপুরে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ২২১। গত ৪৮ ঘণ্টায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলার সিভিল সার্জন প্রণয় কান্তি দাস আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জামালপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ছয় করোনা রোগী ভর্তি রয়েছেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ৯৫ জন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন জামালপুরের ৯ জন। জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ৪৫টি। সব পরীক্ষার প্রতিবেদন এসেছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮ জন।
জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, জামালপুরে করোনা রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার চেয়ে আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিতে চাচ্ছেন বেশি। ফলে হাসপাতালের চেয়ে বাড়িতে চিকিৎসা নেওয়ার রোগীর সংখ্যা অনেক বেশি। তবে যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সার্বক্ষণিক সেবা দিতে চিকিৎসকেরা প্রস্তুত রয়েছেন। আর কেউ সংকটাপন্ন হলে, তাঁকে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
আজ সকালে জেলা শহর ঘুরে দেখা গেছে, প্রতিদিন করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা বাড়লেও সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কোনো ধরনের কার্যক্রম লক্ষ করা যায়নি। স্থানীয় প্রশাসনের তেমন কোনো তৎপরতাও নেই। ফলে আগের মতো স্বাভাবিক জামালপুরের জীবনযাত্রা। বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন পরিবহনে মানুষের চলাচল এখনো আগের মতোই। স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। বেশির ভাগ মানুষের মুখে মাস্ক দেখা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় লোকজনকে গা-ঘেঁষাঘেঁষি করে জটলা পাকিয়ে চলাফেরা ও দাঁড়িয়ে-বসে থাকতে দেখা গেছে।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি পালনে কঠোর হওয়া দরকার। সংক্রমণ কমানোর একমাত্র উপায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা।