জামালপুরে ইউপি নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় দল থেকে অব্যাহতি
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় সাইফুল ইসলাম খানকে যুবলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. এরশাদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাইফুল ইসলাম খান জামালপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কেন্দুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
দলীয় সূত্র জানায়, কেন্দুয়া ইউপিতে সাইফুল ইসলাম খান ও শেখ মাহবুবুর রহমান—দুজনই চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত শেখ মাহবুবুর রহমানকে দল মনোনয়ন দেয়। পরে সাইফুল ইসলাম খান বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁকে যুবলীগ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘দল থেকে অব্যাহতি দেওয়ার মতো কোনো চিঠি আমি পাইনি। আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি তো বিদ্রোহী প্রার্থী নই। আমি জনগণের ভালোবাসা রক্ষার জন্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। আমি নৌকার বিরুদ্ধে যাইনি। আমি একজন অনুপ্রবেশকারীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছি।’ ওই ইউনিয়নের সব জনগণ তাঁর পাশে আছে বলে তিনি দাবী করেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকা প্রতীকের বিরুদ্ধে ইউপি নির্বাচনে অংশ নেওয়ার কারণে সাইফুল ইসলাম খানকে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শিগগিরই তিনি অব্যাহতিপত্র পেয়ে যাবেন।