জামালপুরে ইটের ভাটা থেকে তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহে ইটের ভাটা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর এলাকার জামালপুর-ইসলামপুর সড়কের পাশের একটি পরিত্যক্ত ইটভাটার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত ওই তরুণীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২৫ বছর। নিহত তরুণীর মাথা ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন সড়কের পাশের ওই পরিত্যক্ত ইটভাটার মাঠে তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত তরুণীর মাথা থেঁতলে দেওয়া হয়েছে। মুখেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে হত্যা করে এখানে লাশ ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ তরুণীর পরিচয় শনাক্তে কাজ করছে।