জামালপুরে এক দিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

জামালপুরে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। ২০৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৫৫ শতাংশ।

গত ৭ দিনে ২৩৬ জনের করোনা শনাক্ত ও ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ৪৯ জনের মধ্যে সদর উপজেলার ২২, সরিষাবাড়ীর ৭, বকশীগঞ্জের ৬, মাদারগঞ্জের ৫, ইসলামপুরের ৪, মেলান্দহের ৪ ও দেওয়ানগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৭৮৯। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৯৩৪টি। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি।

এদিকে জেলায় বিশেষ বিধিনিষেধের কোনো সুফল পাওয়া যাচ্ছে না। বিধিনিষেধ উপেক্ষা করে অবাধে চলাচল করছে যানবাহন ও সাধারণ মানুষ। ফলে বিধিনিষেধের মধ্যেই সংক্রমণ ঊর্ধ্বমুখী।

প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত কয়েক সপ্তাহ ধরে শুধু সদর উপজেলায় সংক্রমণ বেশি ছিল। কিন্তু কয়েক দিন ধরে পুরো জেলায়, অর্থাৎ প্রতিটি উপজেলায় সংক্রমণ শনাক্ত হচ্ছে।

করোনায় আক্রান্তের গত এক সপ্তাহের হিসাব অনুযায়ী, ২৬ জুন থেকে আজ পর্যন্ত ১ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষায় ২৩৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু সদর উপজেলায় ১৪২ জন।

সাত দিনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৫৫ শতাংশ। গত সাত দিনে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তুলনামূলকভাবে শনাক্তের হার খুব কম ছিল। তবে গত দেড় মাসে, অর্থাৎ ১ মে থেকে ২৫ জুন পর্যন্ত ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত দেড় মাসে আক্রান্তের হার ঊর্ধ্বমুখী ছিল। তবে গত সাত দিন, অর্থাৎ ২৬ জুন থেকে আজ ২৯ জুন পর্যন্ত ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে আক্রান্তের হার অন্য সময়ের তুলনায় বর্তমানে বেশি। জেলা প্রশাসনের দুই সপ্তাহের বিশেষ বিধিনিষেধের মধ্যেই সংক্রমণ বাড়ছে।

জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, বর্তমানে জামালপুরে করোনার পরিস্থিতি ভয়াবহ। আজ সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রতিদিনই সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কারণ, সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের সচেতনতা নেই। সবাই তাঁদের ইচ্ছা অনুযায়ী চলাচল করছেন।