জামালপুরে এসপির প্রত্যাহার চেয়ে ষষ্ঠ দিনের মতো প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ। আজ বৃহস্পতিবার সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে ষষ্ঠ দিনের মতো প্রতিবাদ সমাবেশ হয়েছে। সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পুলিশ সুপারের প্রত্যাহার দাবিতে বেলা ১১টার দিকে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রতিদিন কর্মসূচিতে অংশ নিচ্ছেন জামালপুর প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব জামালপুর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জামালপুর জেলা শাখা, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখা ও জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম, শুভ্র মেহেদী, মুস্তাফিজুর রহমান, তানভীর আহম্মেদ, জেলা রিপোর্টার্স ক্লাব জামালপুরের সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখা সভাপতি মো. নোবেল, জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, একজন বিতর্কিত পুলিশ সুপারের প্রত্যাহারের এই আন্দোলন ষষ্ঠ দিনের মতো চলছে। কিন্তু তাঁদের দাবি মেনে নেওয়া হয়নি। পুলিশ সুপারের প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

আন্দোলনরত সাংবাদিকদের অভিযোগ, পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির মেলা নিয়ে গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হন পুলিশ সুপার। তাঁদের উঠিয়ে নিয়ে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকিসহ নানা আপত্তিকর মন্তব্য করেন তিনি। তবে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের দাবি, ‘বিষয়টিতে “আমি মাইন্ড করলাম” বলেছিলাম। আর কিছু বলিনি।’