জামালপুরে এসপির প্রত্যাহার চেয়ে সপ্তম দিনের মতো সাংবাদিকদের আন্দোলন অব্যাহত
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহারের দাবিতে সপ্তম দিনের মতো মানববন্ধন হয়েছে। সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে আজ শুক্রবার জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পুলিশ সুপারের প্রত্যাহার দাবিতে বেলা ১১টার দিকে জামালপুর শহরের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই আন্দোলনে অংশ নিচ্ছেন জামালপুর প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব জামালপুর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জামালপুর জেলা শাখা, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখা ও জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।
জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুশান্ত কুমার দেবের সভাপতিত্বে এবং কালেরকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা মনজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী, সাবেক সভাপতি এম এ জলিল, সাবেক সাধারণ সম্পাদক ফজলে এলাহি মাকাম, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার্স আনোয়ার হোসেন, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক কাফি পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, বিতর্কিত পুলিশ সুপারকে এই জেলা থেকে হটাতে সর্বস্তরের সাংবাদিকেরা আজ ঐক্যবদ্ধ। সপ্তম দিনের মতো এই আন্দোলন চলছে। এই ঐক্যই আন্দোলনের সুফল এনে দিবে। পুলিশ সুপারকে এই জেলা থেকে না হটিয়ে সাংবাদিকেরা ঘরে ফিরবেন না। যে পর্যন্ত পুলিশ সুপারকে প্রত্যাহার না করা হবে, সেই পর্যন্ত প্রতিদিন আন্দোলন চলবে। ক্রমেই আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অশোভন আচরণে জামালপুরবাসীও ক্ষুব্ধ। আগামী দিনে জামালপুরবাসীকে একসঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার আহ্বান করা হয়। সেই অনুযায়ী কাল শনিবার মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ ও রোববার জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনরত সাংবাদিকদের অভিযোগ, পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির মেলা নিয়ে গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হন পুলিশ সুপার। তাঁদের উঠিয়ে নিয়ে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকিসহ নানা আপত্তিকর মন্তব্য করেন তিনি। তবে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের দাবি, ‘বিষয়টিতে ‘আমি মাইন্ড করলাম’ বলেছিলাম। আর কিছু বলিনি।’