জামালপুরে করোনায় আক্রান্ত আরও ৬
জামালপুরে নতুন করে আরও ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১ দিনে নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১১ দশমিক ৭৬ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৪০।
গত ২৪ ঘণ্টায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলার সিভিল সার্জন প্রণয় কান্তি দাস আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
জামালপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন।
জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ১৮০টি। সব পরীক্ষার প্রতিবেদন এসেছে। জেলায় এ পর্যন্ত ৫৫ চিকিৎসক, ৩৬ নার্স ও ১০৬ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, কয়েক সপ্তাহ ধরে জামালপুরে প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে। তাই সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বাড়াতে হবে। সংক্রমণ কমানোর একমাত্র উপায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা।