জামালপুরে করোনা রোগী সাড়ে চার হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

জামালপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়াল। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১৫ দশমিক ৭৪ শতাংশ। এ সময় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে সদর উপজেলার ১৭ জন বাসিন্দা। এ ছাড়া মেলান্দহে ৪ জন, ইসলামপুরে ৪ জন ও সরিষাবাড়ীতে ৯ জন, দেওয়ানগঞ্জে ২ জন ও বকশীগঞ্জ উপজেলায় ৪ জন রয়েছেন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১৫ দশমিক ৭৪ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৪১। এ পর্যন্ত জেলায় করোনায় ৮৫ জন মারা গেছেন।

গত বছরের ২৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়। ওই আট মাসের নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৪ মাসে জেলায় ৩ হাজার ৬২৭ জনের নমুনায় ২৯৪ জনের করোনা শনাক্ত হয়। এই চার মাসে শনাক্ত কিছুটা কমে হয় ৮ দশমিক ১০ শতাংশ।

এরপর মে থেকে জুলাই মাস পর্যন্ত ১১ হাজার ৩২৮ জনের নমুনায় ২ হাজার ১৫৭ জনের করোনা শনাক্ত হয়। এই তিন মাসে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত বেড়ে দাঁড়ায় ১৯ শতাংশ। ১ আগস্ট থেকে আজ বৃহস্পতিবার ১ হাজার ৩০৭ জনের নমুনায় ২৪৫ জনের করোনা শনাক্ত হয়। এই পাঁচ দিনের নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত কিছুটা কমে ১৮ দশমিক ৭৪ শতাংশ।

জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি বলেন, গত জুলাই মাসে করোনায় আক্রান্তের সংখ্যা আগের সব মাসের রেকর্ড ভেঙেছিল। তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে শনাক্তের হার কিছুটা কমেছে। করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি পালন ও টিকা গ্রহণের বিকল্প নেই।