জামালপুরে গণটিকার দ্বিতীয় ডোজে ভিড় কম, ভোগান্তি নেই
জামালপুরে বিড়ম্বনা ও ভোগান্তি ছাড়াই করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম চলছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ৭১টি কেন্দ্রে টিকাদান শুরু হয়।
আজ সকালে জামালপুর পৌর শহরের ডাকপাড়ার একটি বেসরকারি স্কুলের টিকাকেন্দ্রে গিয়ে দেখা যায়, তেমন ভিড় নেই। গণটিকার কার্যক্রমে যাঁরা প্রথম ডোজ নিয়েছিলেন, শুধু তাঁরাই টিকাকেন্দ্রে এসে দ্বিতীয় ডোজ নিচ্ছেন। একইভাবে সিংহজানী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়েও কোনো ভিড় নেই। বেলা ১১টার মধ্যে সেখানে ১২০ জন টিকা নিয়েছেন। কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা বসে আছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ৭ আগস্ট এ জেলায় করোনার গণটিকা কার্যক্রম শুরু হয়। ৩৭ হাজার ৮০০ জন নারী-পুরুষ প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। একইভাবে ৫৬টি ইউনিয়ন ও জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে আজ করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
জামালপুর শহরের সিংহজানী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়ে কথা হয় আফরোজা বেগম নামের এক নারীর সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম ডোজ দেওয়ার সময় অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছিল। প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে প্রথম ডোজ নিয়েছিলাম। আজ ভোগান্তি ছাড়াই দ্বিতীয় ডোজ নিয়েছি।’
সিভিল সার্জন প্রণয় কান্তি দাস প্রথম আলোকে বলেন, কোনো ধরনের বিড়ম্বনা ও ভোগান্তি ছাড়াই গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম চলছে। কোথাও থেকে কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি। জেলায় একযোগে গণটিকার কার্যক্রম চলছে। ৩৭ হাজার ৮০০ জন নারী-পুরুষ দ্বিতীয় ডোজ পাবেন।