জামালপুরে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের করোনা শনাক্ত
জামালপুরে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চলায় জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। গত এক সপ্তাহে ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এক সপ্তাহের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯ দশমিক ৪১ শতাংশ। আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন প্রণয় কান্তি দাস প্রথম আলোকে এ তথ্য দিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জামালপুরে ক্রমেই করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে ১৩ জুন রাতে জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তির মাধ্যমে জামালপুর পৌর শহরে বিধিনিষেধ জারি করে।
কিন্তু ওই বিধিনিষেধ উপেক্ষা করে চায়ের দোকান থেকে শুরু করে সব ধরনের বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়। এসব ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন না। শহরের সড়কে পথচারীদের ভিড়। বিভিন্ন সরকারি কার্যালয়, জজ কোর্ট ও হাসপাতালেও সাধারণ মানুষের ভিড়। এসব স্থানে থাকা মানুষের মধ্যে অনেকের মুখেই মাস্ক নেই। বিধিনিষেধ চলছে এ রকম ঢিলেঢালাভাবে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৫৬টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৭৯ শতাংশ। এক সপ্তাহে ৮৫০টি নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত সাত দিনে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত ব্যক্তির সংখ্যা ৪৪। এ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২ হাজার ৬০৯।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস প্রথম আলোকে বলেন, ‘সংক্রমণ শনাক্তের হার ঊর্ধ্বমুখী। মানুষের মধ্যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি নেই। বিষয়টি স্বাস্থ্য বিভাগকে চিন্তায় ফেলে দিয়েছে। যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। রাস্তাঘাট, বাজারসহ সব জায়গায় মানুষের ভিড়। জরুরি ভিত্তিতে এসব বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন। এসব বিষয় নিয়ে আমি সবার সঙ্গে আলোচনা করছি।’
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান প্রথম আলোকে বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে আমরাও উদ্বিগ্ন। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। কিন্তু নানা রকম পদক্ষেপ নিয়েও সাধারণ মানুষকে সচেতন করা যাচ্ছে না। যখন অভিযানে বের হই, তখন লোকজন মাস্ক পরেন। চলে এলে আবার আগের মতোই। নানা কাজের কারণে সার্বক্ষণিক নজরদারিও করা যাচ্ছে না। তবে এমন পরিস্থিতিতে আরও কঠোর সিদ্ধান্তের চিন্তাভাবনা চলছে। কঠোর সিদ্ধান্তের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’